রাফিনিয়ার জায়গায় কে খেলবেন
ছবি- এএফপি
নাজমুল হক নোবেল
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৯:৩৭ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ০৯:৩৮
চোটের ঝামেলা ছাড়ছেই না কার্লো আনচেলত্তির দলকে। যেই নেইমার পুরো ফিট হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন, তখনই কিনা ঊরুর মাংসপেশিতে চোট পেয়ে বসলেন রাফিনিয়া। তাই তো স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশ এখনও চূড়ান্ত করতে পারেননি আনচেলত্তি। বিশেষ করে লেফট উইংয়ে রাফিনিয়ার বদলে কাকে খেলাবেন, সেটা নিয়ে দ্বিধায় আছেন ইতালিয়ান এ কোচ। গতকাল মঙ্গলবার রাফিনিয়া ছাড়া স্কোয়াডের বাকি ২৫ জন অনুশীলন করেছেন। নেইমার টানা তৃতীয় দিনের মতো দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন। অনুশীলনে তাঁকে দেখেই বোঝা গেছে, অবশেষে মাঠে নামতে যাচ্ছেন তিনি।
নিউ জার্সির কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে গত সোমবারের অনুশীলনে রাফিনিয়ার জায়গায় লুইজ হেনরিক ও রায়ানকে খেলিয়েছেন আনচেলত্তি। তাদের মধ্যে যে কোনো একজনকে খেলানো হবে। হাইতির বিপক্ষে পায়ের মাংসপেশিতে ব্যথা অনুভব করায় ম্যাচের ৪০ মিনিটে উঠে গিয়েছিলেন রাফিনিয়া। তাঁর বদলে রায়ানকে নামানো হয়েছিল। তবে সেদিন রায়ান ম্যাচে তেমন একটা প্রভাব ফেলতে পারেননি। তাই এ পজিশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আনচেলত্তিকে।
আরও পজিশন নিয়ে দ্বিধায় আছেন কোচ। গত দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন লেফট-ব্যাক ডগলাস সান্তোস ও মিডফিল্ডার ক্যাসেমিরো। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে তারা যদি কার্ড দেখেন, তাহলে ব্রাজিল নকআউটে গেলে ‘রাউন্ড অব ৩২’-এ তাদের পাওয়া যাবে না। দুজনের কাউকেই বিশ্রাম দেওয়ার ইঙ্গিত মেলেনি, অনুশীলনে দুজনকেই প্রথম একাদশের সঙ্গে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। সোমবারের অনুশীলনে বিশ্রামে থাকা গোলরক্ষক অ্যালিসন বেকার গতকাল পুরোদমে অনুশীলন করেছেন।
যুক্তরাষ্ট্রে আসার পর থেকে যেভাবে অনুশীলন করেছে ব্রাজিল, গত দুই দিন সে পদ্ধতিতে পরিবর্তন আসেনি। এক পজিশনে বদলিয়ে বদলিয়ে খেলোয়াড় ব্যবহার করেছেন ভিন্ন ভিন্ন ম্যাচ পরিস্থিতি তৈরি করে। লুইজ হেনরিক অনুশীলন শুরু করেন প্রথম একাদশের সঙ্গে। তবে খুব বেশি সময় তিনি লেফট উইংয়ে খেলতে পারেননি। এই পজিশনে রায়ানকেও পরখ করে দেখেছেন কোচ। এ দুজনের মধ্যে কে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে থাকবেন, সেটা এখনও তাদের জানানো হয়নি। মঙ্গলবারের অনুশীলন সেশনে সেট পিস নিয়ে দীর্ঘসময় কাজ হয়েছে। তখন স্কটিশদের বিপক্ষে কৌশল নিয়ে খেলোয়াড়দের আরও বিস্তারিতভাবে বলেছেন কোচ।
অনুশীলনে সেন্ট্রাল ডিফেন্সে গাব্রিয়েল মাগালায়েসের জায়গায় লিও পেরেরাকে পরখ করে দেখেছেন আনচেলত্তি। মার্কিনিওসের পাশে রক্ষণ দুর্গ সামলেছেন পেরেরা। মাগালায়েসেরও চোট রয়েছে। আর্সেনালের এ ডিফেন্ডার হাইতির বিপক্ষে চোট নিয়ে খেলেছিলেন। এখনও পুরোপুরি ফিট নন তিনি। যদি কোনো কারণে মাগালায়াসকে বিশ্রাম দিতে হয়, তাহলে যেন অপ্রস্তুত না হতে হয়। লিও পেরেরাকে মাঠে নামানোর মতো প্রস্তুতি নিয়ে রাখছেন। আক্রমণভাগেও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন আনচেলত্তি। ম্যাথেউস কুনিয়ার পাশে খেলিয়েছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। আক্রমণভাগে সব ধরনের বৈচিত্র্যই প্রস্তুত রাখছেন কোচ।
নিউ জার্সিতে গতকাল সকালে অনুশীলন শেষ করে বিকেলের দিকেই তারা মায়ামির পথে রওনা হবেন। বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। একই সময় আটালান্টায় এই গ্রুপের অন্য ম্যাচে হাইতির মোকাবিলা করবে মরক্কো। এই গ্রুপ থেকে ব্রাজিল ও মরক্কো দুই ম্যাচে সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে আছেন ব্রাজিল। আর দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে হাইতি।
- বিষয় :
- রাফিনহা
- ব্রাজিল
- বিশ্বকাপ ফুটবল
- কার্লো আনচেলত্তি
