অ্যাটলাস সিংহের সামনে হাইতি
আহসান হাবিব সম্রাট
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১০:০১
ফুটবল শক্তির বিচারে তুলনা চলে না আফ্রিকার মরক্কো ও ৫২ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া রাষ্ট্র হাইতির। ফিফা র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে থেকে বিশ্বকাপের ফেভারিট দলের তালিকায় থাকা জার্মানি ও নেদারল্যান্ডসের চেয়েও এগিয়ে অ্যাটলাস লায়নরা। অন্যদিকে এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবার পেছনে ক্যারিবীয় দ্বীপদেশটি (৮৭তম)। এরই মধ্যে প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া মরক্কো। আজ রাতে জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিতের পাশাপাশি গ্রুপ সেরা হতেই মাঠে নামবে আফ্রিকার দলটি।
গ্রুপ পর্বে উভয় দল এরই মধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। মরক্কো প্রথম ম্যাচে পিএসভি আইন্দহোভেন তারকা ইসমাইল সাইবারির গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নেয়। পরের ম্যাচে এই ফরোয়ার্ডের একমাত্র গোলে স্কটল্যান্ডের বিপক্ষে পূর্ণ পয়েন্ট তুলে নেয়। এ গোলের মাধ্যমে সাইবারি বিশ্বকাপে প্রথম মরক্কো খেলোয়াড় হিসেবে টানা দুই ম্যাচে গোল করার রেকর্ড গড়েন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭০ সেকেন্ডে সাইবারির করা গোলটিই এবারের টুর্নামেন্টের দ্রুততম গোল। বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বে টানা ছয় ম্যাচ জয়ী মরক্কো হাইতির বিপক্ষেও নিজেদের রেকর্ডটা সমৃদ্ধ করতে মাঠে নামবে। আর সেটা না পারলে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি এমনকি হারলেও নক আউট পর্বে যাওয়ার সুযোগ রয়েছে কোচ মোহামেদ ওহাবির দলের। আজকের রাতে গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ড হেরে গেলেই বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো নকআউট পর্ব নিশ্চিত করবে অ্যাটলাসের সিংহরা।
এদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করা হাইতি প্রথম ম্যাচে ১-০ গোলে স্কটল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হয়। গত আসরের সেমিফাইনালিস্টদের বিপক্ষে হাইতি এক পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সেটি সম্ভব না হলে নিদেনপক্ষে একটি গোলের প্রত্যাশায় থাকবে কোচ সেবাস্তিয়ান মিগনের শিষ্যরা। এ ম্যাচে গোল না পেলে বিশ্বকাপ থেকে একদম খালি হাতে বিদায় নিতে হবে দ্বীপরাষ্ট্রটিকে। টুর্নামেন্টের ইতিহাসে কোনো গোল না করা তৃতীয় দল হবে হাইতি। এর আগে এ রেকর্ড গড়েছে মাত্র দুটি দল– এল সালভেদর (১৯৭০) ও কানাডা (১৯৮৬)। এ ছাড়া একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ হারার রেকর্ডটি দীর্ঘদিন ধরে এল সালভাদরের দখলে রয়েছে। মরক্কোর বিপক্ষে হারলে টানা ছয় ম্যাচ হেরে এল সালভাদরের রেকর্ডের সঙ্গে নাম জড়াবে হাইতির। যে দেশটি ১৯৭৪ বিশ্বকাপের পর আবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
বিশ্বকাপে এমনকি ফিফা প্রীতি ম্যাচেও আগে কখনও মুখোমুখি হয়নি হাইতি ও মরক্কো। তবে আফ্রিকার কোনো দলের বিপক্ষে জয়ের রেকর্ড নেই হাইতির। গত মার্চে আফ্রিকার দেশ তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। যে ম্যাচে ১-০ ব্যবধানে হেরে যায় লঁ গ্রেনাদিয়ের্স দল। সবমিলিয়ে আজকের ম্যাচে তারকা খেলোয়াড় সমৃদ্ধ মরক্কো ও হাইতির লড়াইটি যেন ডেভিড ও গোলিয়াথের মতো অসম এক লড়াই।
- বিষয় :
- মরক্কো
- হাইতি
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
