নেইমারে ভীত নয় স্কটিশরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১০:১৯
বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৪টায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। ফ্লোরিডার মিয়ামি গার্ডেনে ‘সি’ গ্রুপের এই লড়াইয়ে সেলেসাওদের হয়ে লড়াইয়ে অংশ নিতে পারেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি ব্রাজিল দলের এই ‘প্রাণভোমরা’। এদিকে প্রত্যাবর্তনের ম্যাচে নেইমারকে খোলসবন্দি করতে বিশেষ ছক কষছে টার্টান আর্মিরা। বিশেষ করে সান্তোস ফরোয়ার্ডকে আটকাতে পরিকল্পনা এঁটে রেখেছেন স্কটল্যান্ডের রক্ষণভাগ তারকা জ্যাক হেনড্রি।
জাতীয় দলের জার্সিতে ১২৯ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ৭৯ গোল করেছেন নেইমার। গত শুক্রবার রাতে হাইতির বিপক্ষে ম্যাচে ৩-০ গোলের সহজ জয়ের পর ব্রাজিল কোচ আনচেলত্তি জানান, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার অংশ নিতে পারেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্কটল্যান্ডের সেন্টার ব্যাক হেনড্রি বলেন, ‘নেইমারকে নিয়ে কোনো সমস্যা নেই। তাঁর সঙ্গে (নেইমার) সম্ভাব্য দ্বৈরথ নিয়ে আমি স্বচ্ছন্দেই আছি এবং ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি। একটি অসাধারণ ম্যাচ হতে যাচ্ছে। আর যদি সে (নেইমার) মাঠে নামে তাহলে আমি সেটির জন্য প্রস্তুত আছি।’
নেইমারের বিপক্ষে আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে ৩১ বছর বয়সী ডিফেন্ডার হেনড্রির। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগে নেইমার ও হেনড্রির দল মুখোমুখি হয়েছিল। যে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ওই সময়ে হেনড্রি বেলজিয়ান লিগের ক্লাব ব্রাগের হয়ে এবং নেইমার প্যারিস সেন্ট জার্মেইয়ে খেলতেন।
বর্তমানে সৌদি লিগে আল ইত্তিফাক ক্লাবের রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পালন করছেন ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার। সৌদিও লিগে নেইমার আল হিলাল ক্লাবের হয়ে খেলেছেন। তবে বারবার চোটে পড়ায় দেড় বছরের অবস্থানকালে ক্লাবের পক্ষে মাত্র ৭টি ম্যাচে অংশ নিতে পেরেছিলেন নেইমার। এ কারণে সৌদি লিগে এই স্কটিশ ডিফেন্ডারের সঙ্গে ব্রাজিল তারকার সঙ্গে সাক্ষাৎ ঘটেনি।
তবে বৃহস্পতিবারের ভোরের ম্যাচে ব্রাজিলকে যে জ্যাক হেনড্রিদের নিয়ে গড়া স্কটল্যান্ডের শক্ত রক্ষণ দেয়ালের বাধার মুখে পড়তে হবে সেটি নিয়ে সংশয়ের অবকাশ কম। কারণ ক্লাব ক্যারিয়ারেই নিজের জাত চিনিয়েছেন এই দীর্ঘদেহী ডিফেন্ডার। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মেসি ও এমবাপ্পেদের মতো বড় তারকাদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে ২০২১ সালে বেলজিয়ান লিগে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া হেনড্রির।
এদিকে ব্রাজিল ও স্কটল্যান্ডের রেকর্ড একতরফাভাবে সেলেসাওদের পক্ষেই কথা বলছে। দুই দলের আগের ১০ মুখোমুখিতে দুইবার ড্র ও আট ম্যাচ জিতেছে লাতিন আমেরিকান দলটি। এ ছাড়া স্কটল্যান্ডের বিশ্বকাপ অভিজ্ঞতাও সুখের নয়। টুর্নামেন্টে ৯ বার অংশ নিয়ে এখনও নকআউট পর্বে যেতে পারেনি এ ইউরোপীয় দলটি। এবারের আসরে প্রথম দুই ম্যাচের একটিতে জিতে এখনও নকআউট পর্বের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন কোচ স্টিভ ক্লার্কের শিষ্যরা।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে দুই ম্যাচে এক জয় এবং সমান ড্রতে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
- বিষয় :
- নেইমার
- স্কটল্যান্ড
- ব্রাজিল
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
