ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

শুরুর একাদশে থাকবেন না নেইমার, রাফিনিয়ার জায়গায় রায়ান

শুরুর একাদশে থাকবেন না নেইমার, রাফিনিয়ার জায়গায় রায়ান
×

ছবি- সিবিএফ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১১:৪৫ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১১:৫৭

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আজ মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত উইঙ্গার রাফিনিয়া। তবে তার বিকল্প নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে রাজি নন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অনুশীলনের ইঙ্গিত অনুযায়ী, রাফিনিয়ার জায়গায় আজ ব্রাজিলের আক্রমণভাগের ডান প্রান্তে দেখা যাবে ১৯ বছর বয়সী তরুণ তুর্কি রায়ানকে।

ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনে রায়ানকে রাইট উইংয়ে রেখে মূল আক্রমণভাগ সাজান আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তরুণ এই ফরোয়ার্ডের প্রশংসায় ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেন, ‘রাফিনিয়ার বিকল্প হিসেবে আমাদের পরিকল্পনা পরিষ্কার। রায়ান যখনই রাফিনিয়ার জায়গায় সুযোগ পেয়েছে, ভালো খেলেছে। আক্রমণ গড়ার দারুণ সম্ভাবনা রয়েছে এই তরুণের মাঝে।’ রায়ানের পাশাপাশি এই পজিশনে লুইজ হেনরিককেও পরখ করে দেখেছেন কোচ।

স্কটল্যান্ড ম্যাচটি ব্রাজিলের জন্য গ্রুপ সেরা হওয়ার লড়াই। বর্তমানে মরক্কোর সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে আছে সেলেসাওরা। তাই কোনো রকম গাফিলতি করতে চান না আনচেলত্তি। দলে কাসেমিরো এবং ডগলাস সান্তোসের নামের পাশে দুটি করে হলুদ কার্ড থাকায় এই ম্যাচে কার্ড দেখলেই নকআউটে নিষিদ্ধ হবেন তারা। তবে স্কটল্যান্ড ম্যাচে তাদের বিশ্রামের কথা উড়িয়ে দিয়ে আনচেলত্তি সাফ জানিয়ে দেন, ‘আমরা কেবল সেরা একাদশ নিয়ে মাঠে নেমে ম্যাচ জেতার কথাই ভাবছি। নকআউটের টিকিট কিংবা কার্ডের হিসাব নিয়ে ভাবার কোনো সুযোগ এখন নেই।’

ব্রাজিলিয়ান ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, স্কটল্যান্ড ম্যাচের স্কোয়াডে থাকছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা সান্তোসের এই তারকা এখনই ৯০ মিনিট খেলার মতো পুরোপুরি ফিট নন। ফলে আজ স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না তিনি। বেঞ্চে বসে শুরু করবেন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধের শেষভাগে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন।

ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচে উন্নতির চেষ্টা করছি। আগামীকাল ভালো খেলতে পারলে নকআউট পর্বের জন্য আমরা খুব ভালো অবস্থানে থাকব।’

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া এবং ভিনিসিয়ুস জুনিয়র।

আরও পড়ুন

×