এমনভাবে দৌড়াও যেন জীবনের শেষ দিন: নেইমারকে বাবা
ব্রাজিলের অনুশীলনে নেইমার। ছবি: জি গ্লোবো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২১:৫৭
ইনজুরির সঙ্গে দীর্ঘ এক লড়াই শেষে ব্রাজিলের জার্সিতে খেলার পর্যায়ে এসেছেন নেইমার জুনিয়র। দলটির কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ড ম্যাচে খেলার জন্য ফিট নেইমার। খুব ভালো অনুশীলন করেছেন দেশের জার্সিতে সর্বাধিক গোল করা এই তারকা।
তবে নেইমারকে শুরুর একাদশে বা বদলি হিসেবে খেলানোর নিশ্চিয়তা কোচ দেননি। জানিয়েছেন, দলে থাকবেন ব্রাজিলের নাম্বার টেন। ব্রাজিলের সংবাদ মাধ্যম জি গ্লোবো অবশ্য জানিয়েছে, নেইমারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা একেবারেই কম।
নেইমার ২০২৩ সালের ১৭ অক্টোবর সর্বশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারলে বদলি হিসেবে প্রায় ৩ বছর পর জাতীয় দলে জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে। বিশেষ এই ক্ষণে নেইমারের জন্য আবেগী বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমাদের এই পর্যন্ত আসতে সা0হায্য করেছেন এবং অবশেষে সেই সময়টা এসেছে। এই যাত্রাটা একসঙ্গে আমরা দেখেছি। তোমার জন্য শুভ কামনা, বাবা। ব্রাজিলের জন্যও শুভ কামনা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন এবং তোমাকে রক্ষা করবেন।’
বার্তার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নেইমারের বাবা। মিউজিক সংযুক্ত ভিডিও’তে ছেলেকে উৎসাহ দিয়ে লিখেছেন, ‘সো দৌঁড়াও আমার বাচ্চা, দৌঁড়াও। এমনভাবে দৌঁড়াও যেন এটা তোমার জীবনের শেষ দিন।’
- বিষয় :
- নেইমার জুনিয়র
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
