পুঁচকে হাইতির বিপক্ষে ঘাম ঝরানো জয়ে নকআউটে মরক্কো
স্পোর্টস্ব ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৬:২২ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ০৬:৪৩
কাগজে-কলমে লড়াইটা ছিল গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বনাম ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা পুঁচকে হাইতির। তবে আটলান্টা স্টেডিয়ামে শক্তি-সামর্থ্যে ঢের পিছিয়ে থাকা হাইতি রীতিমতো ঘাম ছুটিয়ে ছাড়ল মরক্কোর। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে হাইতিকে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে আফ্রিকার পরাশক্তি মরক্কো।
টানা দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল হাইতির। তাই তাদের আজ হারানোর কিছু ছিল না। তাই হয়তো কিছু একটা করে দেখানোর মানসিকতা ছিল। ম্যাচের ১০ম মিনিটে মরক্কোকে স্তব্ধ করে লিড নেয় ক্যারিবীয় দলটি। মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনোর মারাত্মক ভুলে আত্মঘাতী গোল হজম করে বসে অ্যাটলাস লায়ন্সরা। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে হাইতির প্রথম এবং চলতি বিশ্বকাপের ১৫০তম গোল।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া মরক্কো ৩৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। এল খান্নুসের শট হাইতি গোলরক্ষক প্লাসিড ঠেকালেও ফিরতি বল গোলমুখে পেয়ে সহজেই জালে জড়ান আশরাফ হাকিমি। তবে মরক্কোর এই স্বস্তি স্থায়ী হয় মাত্র ৪ মিনিট। ৪৩ মিনিটে মরক্কো রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে হাইতিকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন উইলসন ইসিদোর।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মরক্কোর স্বস্তি ফেরান ইসমায়েল সাইবারি। হাকিমির নিচু ক্রসে বক্সের মাঝখান থেকে প্রথম ছোঁয়ার শটে বল জালে জড়িয়ে ২-২ সমতায় বিরতিতে যায় মরক্কো।
বিরতির পর আক্রমণের ধার বাড়ালেও হাইতির সুসংগঠিত রক্ষণের কারণে গোল পাচ্ছিল না মরক্কো। অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে ডেডলক ভাঙেন সুফিয়ান রাহিমি। কর্নার থেকে উড়ে আসা বলে রিয়াদের টাচের পর বল পেয়ে কার্লিং শটে গোল করেন রাহিমি। মরক্কো এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।
একেবারে শেষদিকে ৮৯ মিনিটের সময় বাম দিক থেকে রাহিমি শেষ মুহূর্ত পর্যন্ত খেলা চালিয়ে যান এবং বল বাড়ান ইয়াসিনের কাছে। ফাঁকা জালে সহজেই বল জড়িয়ে দেন তিনি। হাইতির খেলোয়াড়রা বল বাইরে চলে গিয়েছিল বলে দাবি করলেও রেফারি ভিএআর যাচাই শেষে গোলের বৈধতা নিশ্চিত করেন। মরক্কো এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। শেষ পর্যন্ত মরক্কোর বিপক্ষে বীরোচিত লড়াইয়ের তৃপ্তি নিয়ে বিশ্বকাপ শেষ করল হাইতি। আর স্বস্তির জয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে উঠল গত আসরের সেমিফাইনালিস্টরা।
তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করল মরক্কো। অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের এখনও সেরা চার তৃতীয় স্থানধারী দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ সুযোগ আছে। শেষ বত্রিশের হাইভোল্টেজ লড়াইয়ে মরক্কো মুখোমুখি হতে যাচ্ছে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের। যে স্থানটি বর্তমানে দখল করে রেখেছে শক্তিশালী নেদারল্যান্ডস।
- বিষয় :
- মরক্কো
- হাইতি
- বিশ্বকাপ ফুটবল
