কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া
ছবি- রয়টার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৬:৫২
বিশ্বকাপের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প ছিল না বসনিয়া ও হার্জেগোভিনা এবং কাতারের সামনে। এমন বাঁচা-মরার ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে বসনিয়া। এই হারে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে কাতারের। অন্যদিকে, এক যুগ পর বিশ্বমঞ্চে ফেরা বসনিয়া জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সরাসরি নকআউট নিশ্চিত করতে পারেনি। তাদের এখন চেয়ে থাকতে হচ্ছে অন্য গ্রুপের ‘সেরা তৃতীয়’ দলের সমীকরণের দিকে।
ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বসনিয়া। ম্যাচের ২৯ মিনিটে কেরিম আলাজবেগোভিচের ডান পায়ের দূরপাল্লার শটে লিড নেয় তারা। এর ৫ মিনিট পর এডিন জেকোর শট কাতারের ডিফেন্ডার সুলতান আল বারাকের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বসনিয়া।
৩৯ মিনিটে জেকোর আরেকটি শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়েনি। উল্টো ৪২ মিনিটে এডমিলসন জুনিয়রের ক্রসে গোল করে কাতারকে ম্যাচে ফেরান হাসান আল হাইদোস। প্রথমার্ধের যোগ করা সময়ে কাতারের পেদ্রো মিগুয়েলের শট পোস্টে লাগলে নিশ্চিত সমতা থেকে বেঁচে যায় বসনিয়া।
দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশলে খেলা বসনিয়া ম্যাচের ৮১ মিনিটে কাতারকে ম্যাচ থেকে ছিটকে দেয়। আর্মিন মাহমিচের দারুণ এক গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সের্হেই বারবারেজের দল।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে সুইজারল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় রানার্সআপ হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে সহ-আয়োজক কানাডা। বসনিয়ার পয়েন্টও ৪, তবে সুইজারল্যান্ডের কাছে আগের ম্যাচে ৪-১ গোলে হারায় গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের তিনে আছে তারা। ১২ গ্রুপের শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা ৮টি ‘তৃতীয় স্থান’ অধিকারী দল শেষ ৩২-এ যাব। তাই ৪ পয়েন্ট নিয়ে বসনিয়ার কপাল খোলার সম্ভাবনাও প্রবল।
- বিষয় :
- বসনিয়া
- কাতার
- বিশ্বকাপ ফুটবল
