নরওয়ের বিপক্ষে থাকছেন না দেশম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:৩২
দারুণ ছন্দে থাকা ফ্রান্স টানা দুই জয়ে নকআউট নিশ্চিত করে ফেলেছে। তবে এই আনন্দের মাঝে একটা ধাক্কাই খেয়েছেন ফরাসিরা। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে জরুরি ভিত্তিতে ফ্রান্স উড়ে গেছেন কোচ দিদিয়ের দেশম। এ জন্য আগামী শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে কোচকে পাবে না ফ্রান্স।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে আপাতত শীর্ষে আছে ফ্রান্স। সমান পয়েন্ট সংগ্রহ করেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে নরওয়ে। শুক্রবার বোস্টনে এ দুই দলের লড়াইয়ে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে। সে ম্যাচে গুরুকে ছাড়াই খেলতে হবে এমবাপ্পে-দেম্বেলেদের। দেশম না ফেরা পর্যন্ত সহকারী কোচ গায় স্টিফেন দায়িত্ব সামলাবেন।
ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে দেশমের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে, ‘নরওয়ে-ফ্রান্স ম্যাচের আগে দলের অনুশীলন সেশনগুলো পরিচালনা করতে পারবেন না হেড কোচ দিদিয়ের দেশম। এমনকি শুক্রবার আই গ্রুপের শেষ ম্যাচেও তিনি দলের ডাগআউটে অনুপস্থিত থাকবেন। জাতীয় দলের কোচ আজ সকালে তাঁর মায়ের মৃত্যু সংবাদ পেয়েছেন। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্স ফিরে যাবেন।’ এই কঠিন সময়ে কোচের পাশে থাকার অঙ্গীকারও করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।
খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোজয়ী দেশম ২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ফ্রান্স। চলতি বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও আগেভাগেই দিয়ে রেখেছেন তিনি। বিদায় বেলায় তাঁর এই দুঃসময়ে পুরো ফ্রান্স দল শোকে স্তব্ধ। কবে তিনি দলের সঙ্গে যোগে দেবেন, তা নিশ্চিত করেনি ফ্রান্স ফুটবল ফেডারেশন।
- বিষয় :
- ফ্রান্স
- দিদিয়ের দেশ্যম
