ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৯:০৯ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ০৯:১৬

বিশ্বমঞ্চে রূপকথার এক নতুন অধ্যায় লিখল দক্ষিণ আফ্রিকা। এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ‘বাফানা বাফানা’রা। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের বাঁচা-মরার ম্যাচে এশিয়ান দলটির বিপক্ষে এই ঐতিহাসিক জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মেক্সিকোর সঙ্গী হয়ে পরের রাউন্ড নিশ্চিত করল তারা। আগামী ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে শেষ বত্রিশের লড়াইয়ে তারা সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে।

অন্যদিকে, ম্যাচটি ড্র করলেই যেখানে নকআউট নিশ্চিত হতো, সেখানে এই হারে হৃদয়ভঙ্গ হয়েছে সন হিউং-মিনদের। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া অবশ্য এখনই পুরোপুরি ছিটকে পড়েনি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি ‘সেরা তৃতীয়’ দলের একটি হিসেবে শেষ বত্রিশের টিকিট পাওয়ার ক্ষীণ আশা এখনো টিকে আছে তাদের। তবে তার জন্য ভাগ্য আর সমীকরণের ওপর নির্ভর করে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত চাতক পাখির মতো অপেক্ষা করতে হবে এশিয়ান জায়ান্টদের।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যায়। খেলার দ্বিতীয় মিনিটে কর্নার থেকে কোরিয়া অধিনায়ক কিম মিন-জের হেড দক্ষিণ আফ্রিকার ডিফেন্স গোললাইন থেকে ক্লিয়ার করলে বেঁচে যায় বাফানা বাফানারা। অষ্টম মিনিটে পিএসজি তারকা লি কাং-ইনের আরেকটি শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

ধীরে ধীরে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকাও। ৩০ মিনিটে মফোকেন্গের পাস থেকে ম্বাথার শট কোরিয়ান গোলরক্ষক সেউং-গিউ ঠেকানোর পর ফিরতি বলে মাকগোপার শটও রুখে দেন তিনি। আক্রমণ-পাল্টা আক্রমণের পরও প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া কোরিয়া কোচ বেঞ্চ থেকে মাঠে নামান দলের সেরা তারকা সন হিউং-মিনকে। ৬০ মিনিটে কোরিয়ার ওহ হিয়োঙ্গুর হেড ডানদিকে ঝাঁপিয়ে পড়ে নসাৎ করে দেন দক্ষিণ আফ্রিকান গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।

কোরিয়ার একের পর এক আক্রমণ সামলে ম্যাচের ৬৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে কাঙ্ক্ষিত সেই ঐতিহাসিক গোলের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। বদলি খেলোয়াড় মোরেমির বাড়ানো পাস কোরিয়ান ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান তাফেলো মাসেকো। ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণে নিয়ে কোরিয়ার জালভেদ করেন তিনি।

পিছিয়ে পড়ে অলআউট আক্রমণে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের শেষ ৩০ মিনিট খেলা হয়েছে পুরোপুরি দক্ষিণ আফ্রিকার অর্ধে। যোগ করা সময়ের ৩ মিনিটে কাস্ট্রপের ক্রসে জিনসেওব পা ছোঁয়াতে ব্যর্থ হলে নিশ্চিত সমতা হাতছাড়া হয় কোরিয়ার। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই ইতিহাসে প্রথমবার নকআউটে ওঠার উল্লাসে মাতে পুরো দক্ষিণ আফ্রিকা শিবির।

আজ একই সময়ে অনুষ্ঠিত এই গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক মেক্সিকো। ৩ ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন তারা। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। ৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা কোরিয়ার ভাগ্য ঝুলে রইল সমীকরণের ওপর। আর কোনো ম্যাচ না জিততে পারা চেক প্রজাতন্ত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিল বিশ্বকাপ থেকে।

আরও পড়ুন

×