ভিনিসিয়াসের বাতিল হওয়া সেই গোলটি কি ‘ফাউল’ ছিল?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৯:৫২ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ০৯:৫২
বিশ্বকাপের শুরু থেকেই আলো ছড়াচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। মরক্কো পর হাইতির বিপক্ষে গোলের দেখা পাওয়া ব্রাজিলের এই তারকা গ্রুপপর্বের শেষ ম্যাচে ছিলেন আরও উজ্জ্বল। তার জোড়া গোলের সুবাদে স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানের জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে সেলেসাওরা। বৃহস্পতিবার সকালে স্কটিশদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।
যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত ওই ম্যাচের গায়েও জড়িয়েছে বিতর্ক। সেই বিতর্কের উৎস ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়াসের বাতিল হওয়া গোল। ওই গোলটি বাতিল না হলে প্রথমার্ধেই হ্যাটট্রিকের স্বাদ পেতেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিল বড় ব্যবধানে জিতলেও ভিনিসিয়াসের বাতিল হওয়া গোলটি নিয়ে আলোচনা তাই চলমান। খুবই আলতো স্পর্শে ফাউল ধরে ভিনির ওই গোলটি বাতিল করায় বিস্ময় প্রকাশ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক অফিশিয়াল ও বিবিসির এক্সপার্ট পর্যবেক্ষক ড্যারেন কান।
এদিন মিয়ামি গার্ডেন্সে ম্যাচের ৭ মিনিটেই ভিনিসিয়াসের গোলে লিড পায় ব্রাজিল। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণও করেছিলেন তিনি। স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল কেড়ে জালে জড়িয়ে উদযাপনে মাতেন এই ব্রাজিল ফরোয়ার্ড। এর কিছুক্ষণ পরে ভিএআর পরীক্ষা করতে যান মেক্সিকান রেফারি সিজার রামোস। রিপ্লে দেখে ভিনিসিয়াসের সঙ্গে স্কটিশ ডিফেন্ডারের পায়ের স্পর্শ খুঁজে পান তিনি।
তবে আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখা যায় ভিনিসিয়াসের পা ছিল বলের দিকেই। হেনড্রিই বরং সেটা আটকাতে গিয়ে ভিনির পায়ে স্পর্শ লাগান। কিন্তু রেফারি একটি অ্যাঙ্গেল দেখেই দ্রুত গোল বাতিলের সিদ্ধান্ত দেন।
এ সিদ্ধান্তের পর বিবিসি তাদের সরাসরি সম্প্রচার চলাকালীন ড্যারেন কানের সঙ্গে পরামর্শ করে। এ ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেন প্রিমিয়ার লিগের সাবেক এই অফিশিয়াল। তিনি জানান, স্কটল্যান্ডের এই গোল না খাওয়ায় নিজেদের ভাগ্যবান ভাবতে পারে।
ড্যারেন কান বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় স্কটল্যান্ড কিছুটা ভাগ্যবান। বল খেলার আগে সামান্য স্পর্শ হয়েছিল। তবে আমি সত্যিই মনে করি না যে, এটি ভিনিসিয়াস জুনিয়রের ফাউল ছিল। সে কেবল নিজের জায়গা ধরে রাখছিল এবং ডিফেন্ডার নিজেই তার গায়ে লাথি মারে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় এটি এমন একটি বিষয়, যা নিয়ে স্কটল্যান্ড সিদ্ধান্ত পেয়ে গেছে। তবে এই সিদ্ধান্তটি পেয়ে তারা কিছুটা ভাগ্যবান।’
