ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশ্বকাপের মধ্যেই টাইব্রেকারের নিয়ম পাল্টাতে চায় ফিফা

বিশ্বকাপের মধ্যেই টাইব্রেকারের নিয়ম পাল্টাতে চায় ফিফা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১০:১৫

বিশ্বকাপের নকআউটের খেলা শুরু হওয়ার আগেই টাইব্রেকারের টসের নিয়মে একটি পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ফিফা। টুর্নামেন্ট চলাকালে নতুন নিয়ম কার্যকর করার সম্ভাবনার বিষয়টি পর্যালোচনা করে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বিদ্যমান নিয়মে টাইব্রেকারের জন্য দুটি কয়েনে টস করা হয়। প্রথম টসে নির্ধারিত হয় পেনাল্টি শট নেবে কোন দল। দ্বিতীয় টসে ঠিক করা হয় কোন গোলপোস্টে টাইব্রেকার হবে। তবে ফিফা চায়, টাইব্রেকারের জন্য এখন থেকে একটি কয়েনে টসের নিয়ম রাখতে। উভয় দলকে সমান সুবিধা দেওয়ার জন্য এই পরিবর্তনের উদ্যোগ।

প্রস্তাবিত নিয়ম কার্যকর করা গেলে টসে জয়ী দল যে কোনো একটি শট বা গোলপোস্ট বেছে নেওয়ার সুযোগ পাবে, অর্থাৎ আগে শট নেওয়ার সিদ্ধান্ত নিলে প্রতিপক্ষ গোলপোস্ট বেছে নেবে। আর টসে জিতে গোলপোস্ট বেছে নিলে প্রতিপক্ষ আগে শট নেওয়ার সুবিধা পাবে।

বর্তমান নিয়মে একটি দলের দুবার টসে জেতার সুযোগ থাকে। এ ক্ষেত্রে টসে হারা দলের কোনো পছন্দ থাকে না। ফলে চাইলেও টসে পরাজিত দল নিজেদের সমর্থকদের কাছাকাছি পোস্টে শট নেওয়ার সুযোগ পায় না।

গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল আর্সেনালকে। পিএসজির বিপক্ষে দুই টসেই হেরেছিল ইংলিশ ক্লাবটি। এ রকম পরিস্থিতি এড়াতে টাইব্রেকারের জন্য দুই টসের পরিবর্তে এক টসের নিয়ম করতে চায় ফিফা।

দ্য টাইমস জানিয়েছে, ফুটবলের আইন প্রণয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে ফিফার।

আরও পড়ুন

×