ম্যাচ হেরে স্কটল্যান্ড কোচ বললেন, ব্রাজিলকে গোলগুলো উপহার দিয়েছি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৪:১৬
ছন্দে থাকা ব্রাজিলের সামনে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছে স্কটিশরা। এমন পরাজয়ের পর স্বাভাবিকভাবেই মেজাজ ধরে রাখতে পারেননি দেশটির কোচ স্টিভ ক্লার্ক। ক্ষোভ উগরে দেন নিজ দলের খেলোয়াড়দের ওপর। ম্যাচ শেষ হতেই তিনি জানান, রক্ষণভাগের একাধিক ভুলই স্কটল্যান্ডের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের এই ম্যাচে ভিনিসিয়াস জোড়া গোল ও ম্যাথিউস কুনিয়ার গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এই হারের ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে শেষ হয় স্কটল্যান্ডের বিশ্বকাপ মিশন।
ম্যাচ শেষে ব্রডকাস্ট ক্যামেরায় দেওয়া সাক্ষাৎকারে ক্লার্কের কণ্ঠে ছিল হতাশার ছাপ। ম্যাচ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিজেরাই নিজেদের কাজটা কঠিন করে ফেলেছি, ব্যস এতটুকুই।
ব্রাজিলের গোলগুলোর পেছনে স্কটল্যান্ডের রক্ষণভাগের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরাই ওদের গোলগুলো উপহার দিয়েছি। ম্যাচটা যেভাবে ওরা চেয়েছিল, ঠিক সেভাবেই তাদের হাতে তুলে দিয়েছি। এটা খুবই হতাশাজনক।
এদিকে ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্কটল্যান্ড কোচ জানান, নিজেদের ভুলের কারণেই ম্যাচটি তাদের হাতছাড়া হয়েছে।
ক্লার্ক বলেন, প্রতিপক্ষের আক্রমণভাগের মান সবাই দেখেছে। সত্যি বলতে, সেরা দলটাই জিতেছে। এই গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যেও আমাদের খেলোয়াড়রা অসাধারণ পরিশ্রম করেছে। কিন্তু এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে।
ম্যাচের শুরুটা ইতিবাচক ছিল বলেও উল্লেখ করেন স্কটিশ কোচ। তিনি বলেন, প্রথম ৪-৫ মিনিট আমরা ভালো খেলেছি। বলের নিয়ন্ত্রণও ছিল আমাদের কাছে। এরপরই আমরা ভুল করে বসি। এই পর্যায়ের ফুটবলে এমন ভুলের মূল্য চুকাতেই হয়।
- বিষয় :
- স্কটল্যান্ড
- ব্রাজিল
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
