কুরাসাওয়ের ড্রেসিংরুমে ডাচ রানীর নাচ
আহসান হাবিব সম্রাট
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১০:৪৪
বিখ্যাত সুইডিশ পপ মিউজিক দল ‘অ্যাবা’র ড্যান্সিং কুইন গানটির সঙ্গে অনেকেই পরিচিত। উপযুক্ত পরিবেশ পেলে ‘নাচুনে’ কিশোরী-তরুণীরা নাচতে পছন্দ করতেন। সেটি অনেকেই দেখেছেন। কখনও কি প্রকাশ্যে রানীকে নাচতে দেখেছেন? সেটি হয়তো সিনেমাতে দেখেছেন অনেকেই। আক্ষরিক অর্থে কোনো দেশের রানীকে নাচতে দেখেছেন কেউ? এবারের বিশ্বকাপে সেই বিরল দৃশ্যই দেখা গেল কুরাসাওয়ের ড্রেসিংরুমে। গত শনিবার রাতে ইকুয়েডরের বিপক্ষে ‘ড্র’ করে বিশ্বকাপ অভিষেকেই পয়েন্ট অর্জন করা কুরাসাও খেলোয়াড়দের ড্রেসিংরুমে নেচেছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা ও তাঁর ছোট মেয়ে রাজকুমারী আরিয়ান।
শনিবার রাতে ডাচ রাজা উইলিয়াম-আলেকজান্ডার, রানী ম্যাক্সিমা ও তাদের মেয়ে আরিয়ান যুক্তরাষ্ট্রের হিউস্টনে নেদারল্যান্ডস ও সুইডেনের ম্যাচ দেখেন। পরে তারা ছুটে যান কানসাস সিটিতে ইকুয়েডর ও কুরাসাওয়ের ম্যাচ উপভোগ করতে। ম্যাচটিতে ‘পুঁচকে’ কুরাসাও লাতিন আমেরিকান প্রতিপক্ষের কাছ থেকে এক পয়েন্ট পেয়ে ইতিহাস গড়ে। এ ফলাফলে উচ্ছ্বসিত ডাচ রাজা-রানী ছুটে যান কুরাসাও দলের ড্রেসিংরুমে। দলের অর্জনকে উপভোগ করতে গানের তালের সঙ্গে নাচ শুরু করেন ম্যাক্সিমা। পরে তাঁর সঙ্গে নাচে যোগ দেন সম্প্রতি জাপানে রাষ্ট্রীয় ভোজে যোগ দিয়ে ‘টিয়ারা’ ডেব্যু করা রাজকুমারী আরিয়ান (১৯)।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ডাচ রাজপরিবার কেন কুরাসাও দলের জয় উদযাপনে মেতে উঠল। হ্যাঁ, এ প্রশ্ন জাগা স্বাভাবিকই বটে। বিষয় হচ্ছে, ক্যারিবীয় অঞ্চলের ছোট দ্বীপদেশ কুরাসাও এখনও নেদারল্যান্ডসের অধীনে স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। বিষয়টি এভাবেও দেখা যেতে পারে, যেমন– অস্ট্রেলিয়া ব্রিটেনের রাজার অধীনে থাকা একটি দেশ। কুরাসাওয়ের বাসিন্দারা নেদারল্যান্ডসের নাগরিকত্ব পেয়ে থাকেন।
এদিকে উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে স্টেডিয়ামের গ্যালারি বা খেলোয়াড়দের ড্রেসিং রুমে নিয়মিত রাজপরিবারের সদস্যদের উপস্থিতি দেখা গেছে। নিজ দলকে অনুপ্রেরণা ও সাহস জোগাতে বিশ্বকাপের ভেন্যুতে ছুটছেন রাজা-রানী বা রাজপরিবারের সদস্যরা। ১৭ জুন ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি স্টেডিয়ামে অনুষ্ঠিত জর্ডান ও অস্ট্রিয়ার ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন বাদশাহ আবদুল্লাহ, তাঁর ছেলে ক্রাউন প্রিন্স হোসেইন ও যুবরাজ্ঞী রাজওয়া। যে ম্যাচে জর্ডান ৩-১ গোলে হেরে যায়। পরে সানফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষেও জর্ডানের রাজপরিবারের সদস্যদের দেখা যায়; যে ম্যাচে হারের পর দলকে সান্ত্বনা দিতে খেলোয়াড়দের ড্রেসিংরুমে যান বাদশাহ।
একইভাবে ২৮ বছর পর বিশ্বকাপে আসা নরওয়েকে সমর্থন জানাতে ২২ জুন নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন রাজপরিবারের দুই সদস্য যুবরাজ্ঞী ইনগ্রিদ আলেকজান্দ্রিয়া (২২) ও যুবরাজ সভেরে ম্যাগনাস (২০)। নরওয়ের ভবিষ্যৎ রানী ইনগ্রিদ ও তাঁর ছোট ভাইকে গ্যালারিতে জাতীয় দলের জার্সি গায়ে দর্শকদের সঙ্গে গাইতে দেখা যায়। ফুটবল দলকে সমর্থন জোগাতে স্টেডিয়ামে উপস্থিত হওয়া অন্যান্য রাজপরিবারের মধ্যে জাপানের যুবরাজ্ঞী তাকামাদোকেও (৭২) দেখা যায়। ২০ জুন মেক্সিকোর গুয়াদালুপে স্টেডিয়ামে জাপান ও তিউনিসিয়ার ম্যাচ উপভোগ করেন তিনি। তাকামাদো জাপানের সাবেক সম্রাট আকিহিতোর চাচাতো বোন ও প্রয়াত যুবরাজ নরিহিতোর স্ত্রী।
- বিষয় :
- কুরাসাও
- নেদারল্যান্ডস
- রানী
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
