নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১২:০৩
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত বলটি নিলামে তোলা হচ্ছে। এই বল দিয়েই আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডে বিপক্ষে তার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলটি করেছিলেন।
নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্যবহৃত ওই বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ২৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ কোটি টাকা।
হেরিটেজ অকশনস বলটিকে সংগ্রাহকদের জন্য ‘হলি গ্রেইল’ বা সবচেয়ে আকাঙ্ক্ষিত স্মারক হিসেবে বর্ণনা করেছে। প্রতিষ্ঠানটির ধারণা, ২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সির মতোই বলটির দামও আকাশছোঁয়া হতে পারে। ওই জার্সিটি বিক্রি হয়েছিল ৯২ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা।
হেরিটেজ অকশনের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালে বলেন, ‘এই বলটি একেবারে অনন্য একটি স্মারক। ফুটবলের ইতিহাসে এর মতো আর কোনো সংগ্রহযোগ্য বস্তু নেই বললেই চলে।’
তবে হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলটির সম্ভাব্য বিক্রিমূল্য নিয়ে নির্দিষ্ট কোনো ধারণা দিতে চাননি।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার হয়ে দুটি ঐতিহাসিক গোল করেন দিয়েগো ম্যারাডোনা। প্রথমটি ছিল বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল, যেখানে তিনি হাত ব্যবহার করেছিলেন বলে দাবি ওঠে। দ্বিতীয়টি ছিল অসাধারণ একক প্রচেষ্টার গোল, যা পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে খ্যাতি পায়।
- বিষয় :
- দিয়েগো ম্যারাডোনা
- নিলাম
- আর্জেন্টিনা
