ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ম্লান রোনালদো, গ্রুপসেরা হতে পারল না পর্তুগাল

ম্লান রোনালদো, গ্রুপসেরা হতে পারল না পর্তুগাল
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৭:৪৬ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০৭:৫১

ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন নিষ্প্রভ। আর সেই সুযোগে পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠল কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপের ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে রোববার মায়ামি স্টেডিয়ামে দুই দল গোলশূন্য ড্র করেছে।

এই ড্রয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখে কলম্বিয়া। আর রানার্সআপ হয়েই নকআউটে উঠতে হয়েছে রবার্তো মার্তিনেজের পর্তুগালকে। ফলে শেষ বত্রিশেই শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হবে ইউরোপের দলটিকে।

ম্যাচজুড়ে আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়াই। শুরু থেকেই পর্তুগালের রক্ষণভাগকে ব্যস্ত রাখে দক্ষিণ আমেরিকার দলটি। ২২তম মিনিটে জন আরিয়াসের শট গোললাইন থেকে ক্লিয়ার করে নিশ্চিত গোল বাঁচান রুবেন দিয়াস।

ম্যাচে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৪তম মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া তার ট্রেডমার্ক ফ্রি-কিক সহজেই ধরে ফেলেন কলম্বিয়ার গোলরক্ষক। ৩৮তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের শট ফিরিয়ে দেওয়ার পর বাইসাইকেল কিকের চেষ্টা করেছিলেন রোনালদো। তবে সেটিও প্রতিপক্ষের ডিফেন্ডারদের গায়ে লেগে প্রতিহত হয়।

বিরতির পরও আক্রমণ থামায়নি কলম্বিয়া। ৬৬তম মিনিটে জন আরিয়াসের জোরালো শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন দিয়েগো কোস্তা। ম্যাচের শেষ দিকে কর্নার থেকে ডেভিনসন সানচেজ বল জালে পাঠালেও ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

গ্রুপ রানার্সআপ হওয়ায় নকআউট পর্বে তুলনামূলক কঠিন পথে হাঁটতে হবে পর্তুগালকে। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইউরোপীয় পরাশক্তি স্পেন। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া শেষ বত্রিশে মুখোমুখি হবে ইরানের।

আরও পড়ুন

×