গ্রুপ সেরা হয়েও অস্বস্তিতে স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১১:১৩
উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আসরের অন্যতম ফেভারিট স্পেন। তবে এ আনন্দ উপভোগ করতে পারছেন না স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে। এই ম্যাচে যে চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন উইঙ্গার ইয়েরেমি পিনু। চোট থেকে ওঠা আরেক তারকা ফরোয়ার্ড নিকো উইলিয়ামসও আবার মাংসপেশির চোটে পড়েছেন। ‘রাউন্ড অব ৩২’ তো বটেই, আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে তাঁরও!
মেক্সিকোর গুয়াদালাজারায় বিরতির কয়েক মিনিট আগে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন আলেক্স বায়েনা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে নামানো হয় ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইয়েরেমি পিনুকে। তিনি কাঁধে চোট পেয়েছেন। বদলির কোটা শেষ হয়ে যাওয়ায় তিনি কাঁধের ব্যথা নিয়েই ম্যাচ শেষ করেন। পরে দেখা যায়, কলার-বোনে আঘাত পেয়েছেন তিনি। এবারের আসরে আর তাঁর নামা হবে না।
অ্যাথলেটিক বিলবাওয়ের ফরোয়ার্ড উইলিয়ামস পুরো মৌসুমটাই চোটের সঙ্গে লড়াই করেছেন। মাত্র চোট থেকে ওঠা এ তারকাকে শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নামিয়ে ছিলেন কোচ। তিনিও নতুন করে মাংসপেশির চোটে পড়েছেন। এ দুজনের ইনজুরিতে কোচ দে লা ফুয়েন্তের হাতে বিকল্প কমে গেছে।
ম্যাচ শেষে দুজনের চোট নিয়ে কোচ বলেন, ‘উইলিয়ামস স্বাচ্ছন্দ্যবোধ করছে না। এটি মাংসপেশিতে টান হতে পারে, আবার ক্লান্তি থেকেও এমন হতে পারে। বিষয়টি নিশ্চিত হতে আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ পরে জানা গেছে, মাংসপেশিতে নতুন করে টান লেগেছে তাঁর।
পিনুর চোট নিয়ে বেশ হতাশ কোচ, ‘ইয়েরেমির জন্য আমার খুবই খারাপ লাগছে। তাঁর চোট আসলেই শঙ্কার। তাঁর তীব্র ব্যথা ছিল। আমার মনে হয় না সে আর বিশ্বকাপ খেলতে পারবে।’ পিনু স্লিংয়ে হাত ঝুলিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন। তাঁর চোট নিয়ে কোচ আরও বলেন, ‘পিনু কলার-বোনে আঘাত পেয়েছে। সে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে ম্যাচটা শেষ করেছে। এটি একটি নায়কোচিত ব্যাপার।’
পেশি সমস্যার জন্য এখনও মাঠে নামা হয়নি আরেক ওপেনার ভিক্টর মুনোজের। তবে এত সব খারাপ খবরের মাঝে স্পেনের কোচের জন্য একটু স্বস্তির বিষয় হলো, চোট থেকে ওঠার পর নব্বই মিনিট খেলেছেন লামিনে ইয়ামাল।
এই চোট সমস্যার কারণে এখনও সেরা খেলাটা খেলতে পারছে না স্পেন। এরপরও তারা উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে প্রতিপক্ষ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার সৌজন্যে। বায়েনার শট অভিজ্ঞ এ গোলরক্ষক প্রায় ধরে ফেলেছিলেন। সবাইকে অবাক করে দিয়ে বল তাঁর হাত ফস্কে গড়িয়ে গড়িয়ে জালে চলে যায়। খুব ভালো খেলতে না পারলেও দলের প্রশংসা করেছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে।
উরুগুয়ে শক্তি প্রয়োগ করে খেলেছে বলেও অভিযোগ করেন তিনি, ‘আমি ছেলেদের নিয়ে গর্বিত। কারণ প্রতিপক্ষে শারীরিক শক্তি প্রয়োগের পাশাপাশি কথায়ও অশোভন ছিল। কিন্তু আমরা ধৈর্য নিয়ে এসবের মোকাবিলা করেছি।’
ম্যাচের অন্তিম মুহূর্তে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসিকে বাজেভাবে ট্যাকল করে লালকার্ড দেখেন উরুগুয়ের অগাস্টিন ক্যানাবিও। নকআউটে আরও ভালো খেলার প্রতিশ্রুতিও দেন কোচ, ‘চাইলেও সব সময় দুর্দান্ত ফুটবল খেলা যায় না। তবে আশা করছি, নকআউটে সেটি দেখা যাবে। আমার দৃঢ়বিশ্বাস, সঠিক সময়ে ঠিকই আমরা জ্বলে উঠব।’ নকআউটে অস্ট্রিয়ার মুখোমুখি হতে পারে স্পেন।
- বিষয় :
- স্পেন
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- ইনজুরি
