ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

‘বাংলাদেশের সমর্থকরা আমাদের জন্য কতটা পাগল, আমি জানি’

‘বাংলাদেশের সমর্থকরা আমাদের জন্য কতটা পাগল, আমি জানি’
×

সঞ্জয় সাহা পিয়াল, ডালাস থেকে

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৩:০৫ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৩:৩৮

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্ট নিয়ে এ দেশের ফুটবল ভক্তদের উন্মাদনার কমতি নেই। ফুটবলীয় এই আবেগের সিংহভাগ জুড়েই রয়েছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা। কথিত আছে, ভৌগোলিক দূরত্ব হাজার মাইল হলেও আর্জেন্টিনার বাইরে দলটির সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠী এই বাংলাদেশেই বাস করে। ডিজিটাল দুনিয়ার কল্যাণে বাংলাদেশি সমর্থকদের এই আকাশচুম্বী ভালোবাসার খবর এখন বিশ্ববাসী তো বটেই, খোদ লিওনেল মেসিরাও খুব ভালোভাবেই জানেন।

চলতি বিশ্বকাপে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডালাসের সেই ম্যাচ শেষে মিক্সড জোনে সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়ালের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। যেখানে বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই ফের নিজের মুগ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন আর্জেন্টিনার এই 'বাজপাখি' । একই সাথে স্মরণ করলেন নিজের বাংলাদেশ সফরের স্মৃতিও।

মিক্সড জোনে  বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার জোয়ার নিয়ে এমিলিয়ানো মার্তিনেজ বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের আমি ভীষণ ভালোবাসি। এই দেশটিকেও আমি মনেপ্রাণে ভালোবাসি। আমি খুব ভালো করেই জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে (বাংলাদেশে) যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি এটা নিশ্চিত করেই বলতে পারি। আমার তো মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আসলে আর্জেন্টাইন।’

বছর তিনেক আগে বাংলাদেশে এসে ভক্ত-সমর্থকদের যে ভালোবাসার জোয়ার তিনি দেখেছিলেন, তা এখনো তার মনে সতেজ। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশের মানুষদের উদ্দাম সমর্থন নিয়মিতই দেখেন এই আর্জেন্টাইন বাজপাখি। বাংলাদেশের মানুষকে হৃদয়ে জায়গা দিয়ে আরও একবার নিজের বুকভরা ভালোবাসার কথা জানিয়ে দিলেন এমিলিয়ানো মার্তিনেজ।

আরও পড়ুন

×