ইরানের বিদায়ী চিরকুট: ‘বিজয়ের চেয়ে আত্মসম্মান বড়’
নিজেদের শেষ ম্যাচের পর অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ ঘিরে ইরান ফুটবল দলের লেখা চিরকুট। ছবি: সংগৃহীত
ইন্ডিয়া টুডে
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৯:২৯ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৯:৩৩
প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার স্বপ্ন রোববার ভেঙে গেছে ইরানের। তাদের ভাগ্য ঝুলে ছিল অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। দুই দলের যেকোনো একটির পরাজয় ইরানকে তুলে দিতো দ্বিতীয় রাউন্ডে।
কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পয়েন্ট ভাগাভাগি (ড্র) হওয়ায় রাউন্ড অব ৩২-এ উঠেছে অস্ট্রিয়া। ইরান কি বিষয়টি আগে থেকেই জানত? তারা কি এমন কিছুর আভাস পেয়েছিল? হয়তো বা। কারণ, গ্রুপ পর্বে মিসরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলার পরপরই ইরান তাদের ড্রেসিংরুমে একটি আবেগঘন চিরকুট রেখে যায়। যেখানে প্রকাশ পেয়েছে তাদের আত্মমর্যাদা ও সম্মানের কথা।
চিরকুটে অস্ট্রিয়া ও আলজেরিয়ার নামের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল ‘ফেয়ার প্লে’। তাদের মতে, নিরপেক্ষতা কেবল ফুটবল খেলার নিয়ম নয়, এটিই যেকোনো খেলার আত্মা।
‘আমরা ইরান থেকে এসেছি, এমন এক ভূখণ্ড থেকে যা হাজার বছর ধরে বিজয়ের চেয়ে আত্মসম্মানকে উর্ধ্বে স্থান দিয়েছে।’ -চিরকুটের শুরুটা হয়েছে এমন বার্তা দিয়ে। এরপর লেখা হয়েছে, ‘আমাদের কাছে ফুটবল কেবলই ফলাফলের কোনো প্রতিযোগিতা নয়। এটি চরিত্রের পরীক্ষাও বটে। পয়েন্ট হয়তো নানা উপায়ে জেতা সম্ভব, কিন্তু সম্মান ও শ্রদ্ধা সেভাবে অর্জন করা যায় না। একটি দল হয়তো গ্রুপ পর্ব পার হয়ে পরবর্তী রাউন্ডে চলে যেতে পারে, কিন্তু কেবল সততা ও সম্মানের মাধ্যমেই ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব।’
যুক্তরাষ্ট্র অন্যতম আয়োজক হওয়ায় আসরের শুরু থেকেই ইরান ফুটবল দলের ওপর রাজনৈতিক প্রভাব পড়ে। অন্য দলের মতো তাদেরকে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে দেওয়া হয়নি। মেক্সিকোতে অবস্থান করে কেবল ম্যাচের দিন ২৪ ঘন্টার ভিসায় যুক্তরাষ্ট্রে গেছেন ইরানি ফুটবলাররা।
লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার পরও ইরানের ড্রেসিংরুমে একটি চিরকুট পাওয়া গিয়েছিল। লাল কালিতে ‘মিনাব’ শব্দ উল্লেখ ছিল তাতে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার সময় ক্ষেপণাস্ত্র আঘাত হাতে মিনাবের একটি স্কুলে। এতে ১৬৮ শিশু প্রাণ হারায়।
- বিষয় :
- ফুটবল
- ইরান
- চিরকুট
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
