ভাঙা আঙুল দেখিয়ে যা বললেন মার্টিনেজ
চিড় ধরা আঙুল নিয়ে খেলছেন এমি মার্টিনেজ। ছবি: টিওয়ােইসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২১:২৭
ইনজুরি নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইনজুরি কাটিয়েই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছিলেন তিনি। ছিলেন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও। রোববার জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার মূল খেলোয়াড়রা শুরুতে বিশ্রাম পেয়েছিলেন।
সংবাদ মাধ্যম দাবি করেছিল, গোলরক্ষক মার্টিনেজও বিশ্রাম পেতে পারেন। জিরোনিমো রুল্লির তার জায়গায় বিশ্বকাপ অভিষেক হতে পারে। কিন্তু না, শুরুর একাদশে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নয়টি পরিবর্তন আনলেও একাদশে ছিলেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক মার্টিনেজ।
ম্যাচ শেষে হাত বের করে ভাঙা আঙুল দেখান মার্টিনেজ। কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোয় যাওয়ার ম্যাচ নিয়ে বলেন, এই হাত নিয়েই তিনি খেলতে পারবেন। এমনকি আঙুলে ব্যান্ডেজও লাগবে না।
তিনি বলেন, ‘আমি আঙুলে সার্জারি করাতে রাজি হইনি। সার্জারির পরামর্শে মাথায় হাজার প্রশ্ন খেলে গেছে। কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, ঠিক মতো অনুশীলনও করতে পারতাম না। এখনো আমি স্বাভাবিক অনুশীলন করতে পারি না বলা যায়। তারপরও পরবর্তী ম্যাচে আঙুলে কোন ব্যান্ডেজ ছাড়াই আমি খেলতে পারবো।’
মার্টিনেজ জর্ডানের বিপক্ষে গোল খেয়েছেন। তার মনে হয়েছে, শটটা তিনি ফেরাতে পারতেন। গোল খাওয়ার পর তার মরে যেতে ইচ্ছে করেছে, ‘আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল। তারা কেবল গোলে দুটো শট নিয়েছে, একটা গোল হয়ে গেছে। এটা অনেকটা কাতার বিশ্বকাপে সৌদি অরব ম্যাচের মতো ঘটনা। আমার এখনো মনে হয়, আমি শটটা ফেরাতে পারতাম।’
