সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী
টেক্সাসে ট্রেনিং সেশনে ব্রাজিলিয়ান তারকা নেইমার ও নর্থ ক্যারোলিনায় জার্মান স্ট্রাইকার ডেনিজ উনদাভ। ছবি: এএফপি
আলজাজিরা
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ২০:৫১ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ২০:৫৩
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) বাংলাদেশ সময় সোমবার রাতে পৃথক ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও জার্মানি। এই দুই দলের ম্যাচ ঘিরে জয়-পরাজয়ের সংখ্যাভিত্তিক ভবিষ্যদ্বাণী করেছে অপটা সুপারকম্পিউটার।
যুক্তরাজ্যের ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা স্পোর্টসের তৈরি করা ভবিষ্যদ্বাণীর বিশেষ মডেল ‘অপটা সুপারকম্পিউটার’ নামে পরিচিত। ব্রাজিল-জাপান ম্যাচে সুপারকম্পিউটারটি নেইমারদেরকে স্পষ্ট ফেভারিট বা এগিয়ে রেখেছে।
ম্যাচ পূর্ববর্তী ২৫ হাজার সিমুলেশনের (কাল্পনিক ট্রায়াল) মধ্যে ৫৭ দশমিক ৩ শতাংশ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে, জাপানের জয় ১৯ দশমিক ৭ শতাংশ। বাকি ২৩ দশমিক ০ শতাংশ সিমুলেশনে ম্যাচ সমতায় শেষ (৯০ মিনিটে) হয়েছে। অর্থাৎ, এই ম্যাচে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে ফলাফল নির্ধারণের সম্ভাবনা ২৩ শতাংশ।
আরেক ম্যাচে মুখোমুখি হতে যাওয়া জার্মানি ও প্যারাগুয়ে আন্তর্জাতিক ফুটবলে একে অপরের বিপক্ষে মাত্র দুটি ম্যাচ খেলেছে। বিশ্বমঞ্চে তাদের প্রথম সাক্ষাত হয়েছিল ২০০২ সালে। সেটি ছিল রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ। ২০১৩ সালে খেলা প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
সোমবারের ম্যাচ নিয়ে অপটা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে জার্মানিকে এগিয়ে রাখা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জার্মানির জয়ের সম্ভাবনা ৫৪ দশমিক ৭ শতাংশ। বিপরীতে প্যারাগুয়ের ২৩ দশমিক ১ শতাংশ। বাকি ২২ দশমিক ৩ শতাংশ সিমুলেশনে ম্যাচটি সমতায় শেষ হয়েছে।
পুরো টুর্নামেন্ট নিয়ে অপটার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, জার্মানির শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা ৭৮ দশমিক ৬ শতাংশ। শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ৪ দশমিক ৪ শতাংশ।
