ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হালান্ডের আসল পরীক্ষা আজ

হালান্ডের আসল পরীক্ষা আজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১১:২৭

আর্লিং হালান্ডের দাপটেই নকআউটে এসেছে নরওয়ে। বিশ্বের অন্যতম সেরা এ স্ট্রাইকারের জন্যই নরওয়েকে ডার্কহর্স বলা হচ্ছে। আজ আইভরি কোস্টের বিপক্ষে নকআউট ম্যাচে ম্যানচেস্টার সিটির এই তারকার দিকেই তাকিয়ে থাকবে দল। আইভরি কোস্টের কোচ আইমার্স ফাই অবশ্য হালান্ডকে কড়া পাহারায় নিষ্ক্রিয় করে রাখার ঘোষণা দিয়েছেন। তাঁকে আটকে দিতে পারলেই নাকি প্রথমবারের মতো নকআউটে আসা ‘দ্য এলিফ্যান্টস’খ্যাত আফ্রিকার দেশটি নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যাবে।

২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে গ্রুপ পর্বের বাধা পার হয় মূলত হালান্ডের কল্যাণে। প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে ভাইকিংসের ৪-১ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন হালান্ড। দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। তাঁর দাপটে ৩-২ গোলে সেনেগালকে হারায় নরওয়ে। নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় ফ্রান্সের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বিশ্রাম নেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫২ ম্যাচে ৫৯ গোল করা হালান্ড। তাঁর অনুপস্থিতিতে বদলে যায় নরওয়ে টিম। ৪-১ গোলে হারা এ ম্যাচে ফরাসিদের সীমানায় খুব বেশি আক্রমণ করতে পারেনি তারা। যার মানে, নরওয়ের প্রাণভোমরা হালান্ড। তাঁর ওপরই নির্ভর করছে দলের সাফল্য। তাই তো তাঁকে আটকানোর ঘোষণা দিয়েছেন আইভরি কোস্টের কোচ। ২২ বছর বয়সী ডিফেন্ডার উসমানে দিয়োমান্দে নরওয়ের তারকাকে কড়া পাহারায় রাখবেন বলে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কোচ।

আইভরি কোস্টের আক্রমণভাগও বেশ শক্তিশালী। এরই মধ্যে ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে নিয়ে রিয়াল মাদ্রিদ, পিএসজি, লিভারপুলের মতো ক্লাবগুলোর মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। দুরন্ত গতি দিয়ে বিশ্বকাপে প্রতি ম্যাচেই প্রতিপক্ষের সীমানায় ভীতি ছড়াচ্ছেন তিনি। এ ছাড়া কুরাসাওয়ের বিপক্ষে জোড়া গোল করা নিকোলাস পেপে ও ইকুয়েডরের বিপক্ষে একমাত্র গোলটি করা ম্যানইউ ফরোয়ার্ড আমাদ দিয়ালো আছেন দলে। তরুণ প্রতিভা আঞ্জ-ইওয়ান বনিসহ দলে ফরোয়ার্ড আছেন ৯ জন। দুর্বলতা আছে একটু রক্ষণে। এজন্যই জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হেরে গিয়েছিল তারা। এর মধ্যে সেন্টারব্যাক উইলফ্রেড সিঙ্গো আবার কুরাসাওয়ের বিপক্ষে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। আজ তাঁর মাঠে নামার সম্ভাবনা খুবই কম। উসমান দিয়োমান্দের সঙ্গে ওডিলন কুসুনু রক্ষণ সামলাবেন।

চোট সমস্যা নরওয়ে দলেও আছে। ঊরুর পেশিতে চোট পাওয়ায় আজকের ম্যাচে রাইটব্যাক জুলিয়ান রিয়ারসনকে না পাওয়ার শঙ্কা আছে। বরুশিয়া ডর্টমুন্ডের এ ডিফেন্ডার খেলতে না পারলে বেনফিকার মিডফিল্ডার ফেডরিক অউরসনেসকে রক্ষণে খেলাতে পারেন কোচ সোলবেকান। নরওয়ের মাঝমাঠ সামলাবেন মার্টিন ওডেগার্ড। হালান্ডকে বল জোগান দেওয়ার কাজটা আর্সেনালের এ তারকাই করে থাকেন। এই দুই দল এখনও পরস্পরের মুখোমুখি হয়নি।

আরও পড়ুন

×