অঘটনের আশা সুইডেনের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১২:১৫
বিশ্বকাপে খুঁড়িয়ে খুঁড়িয়ে নকআউট পর্বে ঠাঁই পেয়েছে ‘এফ’ গ্রুপের দল সুইডেন। তিন ম্যাচে এক জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলের তালিকায় থেকে টুর্নামেন্টের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কোচ গ্রাহাম পটারের দল। নকআউট পর্বের প্রথম সাক্ষাতেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সের মুখোমুখি হবে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। আজ মঙ্গলবার রাতে নিউ জার্সিতে অনুষ্ঠেয় ম্যাচে এমবাপ্পেদের বিপক্ষে অঘটন উপহার দিতে দলের রক্ষণভাগকে ‘নিখুঁত’ খেলতে হবে বলে সতীর্থদের সতর্ক করেছেন সুইডেনের আক্রমণভাগ তারকা ভিক্টর গিওকেরেস।
তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করা সুইডেন পরের ম্যাচগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেনি। দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হারে নেদারল্যান্ডসের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের সুবাদে নকআউট পর্বের টিকিট পায় ‘দ্য ব্লু অ্যান্ড ইয়েলো’ দল।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের নিয়ে গড়া ফ্রান্স দাপটের সঙ্গেই গ্রুপ পর্ব অতিক্রম করে। প্রথম ম্যাচে অধিনায়ক এমবাপ্পের জোড়া গোলে লঁ ব্লুরা ৩-১ ব্যবধানে সেনেগালকে হারিয়ে আসরে শুভসূচনা করে। পরের ম্যাচে ইরাককে ৩-০ গোলে বিধ্বস্তের পর আর্লিং হালান্ডবিহীন নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়। শেষ ম্যাচে টুর্নামেন্টের দ্রুততম হ্যাটট্টিক করেন দেম্বেলে।
টুর্নামেন্টে চার গোল করে এমবাপ্পের পাশাপাশি গোল্ডেন বুট জয়ের দৌড়ে রয়েছেন প্যারিস সেন্ট জার্মেই তারকা দেম্বেলেও। শক্তিশালী আক্রমণভাগ নিয়ে জয়রথ ছুটিয়ে চলা ফ্রান্সের মুখোমুখি হওয়া টুর্নামেন্টের যে কোনো দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ। সেটা ভালো করেই বুঝতে পারছেন স্ট্রাইকার গিওকেরেস।
রোববার দলের বিশ্বকাপ তাঁবু ডালাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে রাখঢাক না রেখেই এই আর্সেনাল তারকা বলেন, ‘ম্যাচটিতে আমাদের সেরাটাই দিতে হবে। আমাদের রক্ষণভাগকে প্রায় নিখুঁত খেলতে হবে। এরপর ম্যাচে যেসব সুযোগ আসবে সেগুলো কাজে লাগাতে হবে।’
- বিষয় :
- সুইডেন
- ফ্রান্স
- বিশ্বকাপ ফুটবল
