নেদারল্যান্ডসের কাছ থেকে এমন লো ব্লক আশা করিনি: মরক্কো কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৪:৪৩ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ১৫:৫৯
বিশ্বকাপের বড় মঞ্চে মরক্কো যেন আর অঘটনের দল নয়। বরং প্রতিষ্ঠিত এক প্রতিদ্বন্দ্বী। নেদারল্যান্ডসকে বিদায় করে সেটাই যেন আরেকবার প্রমাণ করল অ্যাটলাস লায়ন্সরা। মঙ্গলবার সকালে টাইব্রেকারের রোমাঞ্চে ডাচদের ৩-২ ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করে তারা। এর আগে মেক্সিকোর মন্টেরেইয়ে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা।
ম্যাচ শেষে মরক্কোর কোচ মোহাম্মদ উয়াহবি জানান, নেদারল্যান্ডসের রক্ষণাত্মক কৌশল তাকে কিছুটা অবাক করেছিল। তবে ডাচদের কৌশলকে মরক্কোর ক্রমবর্ধমান মর্যাদার স্বীকৃতি হিসেবেই দেখছেন তিনি।
উয়াহবি বলেন, ‘আমি আসলেই নেদারল্যান্ডসের কাছ থেকে এমন লো ব্লক (খুব নিচে নেমে রক্ষণভাগ সামলানো) আশা করিনি। কারণ ডাচরা বল নিজেদের পায়ে রাখতে পছন্দ করে এবং বল পায়ে থাকলে তারা বেশ শক্তিশালী। আমি তাদের এই ধরনের খেলাকে আমাদের প্রতি এক ধরণের সম্মান হিসেবেই দেখেছি।’
সংবাদ সম্মেলনে ৪৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘মরক্কো এখন সবার শ্রদ্ধা অর্জন করেছে। এটা শুধু আমাদের মুখের কথার জন্য নয়। আমরা সেটি মাঠেও করে দেখিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা নেদারল্যান্ডস দলের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিলাম। আমাদের ৭০% বল পজিশন ছিল, শটও বেশি ছিল এবং গোল করার সম্ভাবনাও বেশি ছিল। আমরা ম্যাচটি নিয়ন্ত্রণে রেখেছিলাম। আমরা শান্ত থাকতে চেয়েছিলাম, নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যে, ম্যাচটি পেনাল্টিতে গড়ালে আমাদের একজন অসাধারণ গোলরক্ষক আছেন। আমরা ম্যাচটিকে কোনো বিশৃঙ্খল লড়াইয়ে রূপ নিতে দিইনি। বরং নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম।’
ডাচদের বিপক্ষে জয়ের পেছনে দেশের লাখো সমর্থকের সমর্থন প্রেরণা জুগিয়েছে বলে জানান উয়াহবি। তিনি বলেন, ‘মরক্কো একটি ম্যাচ জেতার জন্য খেলে না। তারা জানে, তাদের পেছনে লাখ লাখ মানুষের সমর্থন রয়েছে। আমরা যখন খেলছিলাম, তখন মরক্কোয় গভীর রাত। তবু অসংখ্য মানুষ জেগে থেকে আমাদের খেলা দেখেছে, সমর্থন করেছে। এই বিশ্বাস খেলোয়াড়দের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার শক্তি দিয়েছে।’
গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র এবং স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে নকআউটে ওঠে মরক্কো। সেখানে নেদারল্যান্ডসকে বিদায় করে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল আফ্রিকান সিংহরা। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কানাডা।
মরক্কোর কোচ মনে করেন, কাতার বিশ্বকাপে তাদের সেমিফাইনাল খেলার সাফল্য দেশের মানুষের মানসিকতা বদলে দিয়েছে। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে মরক্কোর খেলোয়াড়রা নিজেদের ওপর বিশ্বাস রাখছে এবং সমর্থকেরাও আমাদের ওপর আস্থা রাখছে।’
- বিষয় :
- মরক্কো
- নেদারল্যান্ডস
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
