জার্মানির বাতিল হওয়া সেই গোল নিয়ে যা বলছেন বিশ্লেষকরা
জোনাথন তা-এর হেডে বল জালে জড়ানোর সেই মুহূর্ত। ছবি: এএফপি
বিবিসি
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৫:২১ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ১৬:৩৬
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত ১২ মিনিটের মাথায় দুর্দান্ত হেডে জার্মানিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডিফেন্ডার জোনাথন তা। ওই মুহূর্তে জার্মান সমর্থকরাও ভেবেছিলেন, যাক এবার বোধয় রক্ষা হলো। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে উদযাপনে বাধ সাধেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।
ডি-বক্সে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা জোনাথান তা ব্যাক পোস্টে লাফিয়ে উঠে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে পরাস্ত করে বল জালে জড়ান। কিন্তু ভিএআরের মতে, ওই মুহূর্তে গোলরক্ষক গিলকে ধাক্কা দিয়েছিলেন পাশেই দাঁড়িয়ে থাকা জার্মান মিডফিল্ডার ভালদেমার আন্তন। ফলে গোলটি বাতিল বলে ঘোষণা দেন রেফারি জালাল জায়েদ।
মূলত, কর্নার থেকে যখন বলটি উড়ে আসছিল, তখন আন্তনের সঙ্গে ধাক্কা লেগে গিল মাটিতে পরে যান। পরে দ্রুত উঠে জোনাথান তা’র হেডটি ঠেকানোর চেষ্টা করেন। এরপরও গোলটি বাতিল হওয়া নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার বলছেন, এখানে প্যারাগুয়ের গোলরক্ষক রেফারিকে ধোঁকা দিয়েছেন।
শিয়ারার জোর দিয়ে বলেন, ‘আমি এই সিদ্ধান্তের সঙ্গে মোটেও একমত নই। সামান্য ছোঁয়াতেই গোলরক্ষক মাটিতে পড়ে গেছেন। এটি খুবই হালকা ফাউল ছিল। আমার মতে এটি অত্যন্ত বাজে সিদ্ধান্ত। কারণ আপনাকে বুঝতে হবে- ফুটবল হলো কন্টাক্ট স্পোর্ট। এখানে একে অপরের সঙ্গে স্পর্শ হবেই।’
ম্যাচ শেষে গোল বাতিলের ওই সিদ্ধান্ত নিয়ে জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসম্যানকে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, ‘আমার মতে, ওটা কোনো ফাউলই ছিল না। গোলটি বাতিল করা তামাশা ছাড়া আর কিছুই নয়।’
‘আর্সেনালের ৬০ শতাংশ গোল এভাবে হয়েছে’
ম্যাচটি চলাকালে একটি জার্মান ভাষার টেলিভিশনে বিশ্লেষকের দায়িত্বে ছিলেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি জোনাথন তা’র ওই গোলটিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের পুরো সিজনে করা গোলগুলোর সঙ্গে তুলনা করেছেন।
ম্যাজেন্টা টিভিকে ক্লপ বলেন, ‘এই গোলটি যদি অবৈধ হয়, তবে আর্সেনাল ইংলিশ চ্যাম্পিয়ন হতে পারত না। তারা তাদের ৬০ শতাংশ গোল এভাবেই করেছে।’ তিনি আরও বলেন, ‘বলটি যখন জালে জড়াল, তখনই আমরা (জার্মানি) ম্যাচটি জিতে গিয়েছিলাম। তাই স্বভাবতই এটি মেনে নেওয়া খুবই কষ্টের।’
গোল বাতিলের পর খেলা পুনরায় শুরু হলে প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন ক্যান এই সিদ্ধান্তের বিষয়ে তাঁর মতামত জানান। বিবিসি ওয়ানকে তিনি বলেন, ‘আমার মতে, এটি খুবই হালকা ফাউল ছিল। তবে চলতি টুর্নামেন্টে আমরা দেখেছি, খুবই ছোটখাটো ভুলের জন্য দুই থেকে তিনটি গোল বাতিল করা হয়েছে।’
ক্যান আরও বলেন, ‘গোলরক্ষককে সামান্য বাধা দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু আমার কাছে গোল বাতিলের জন্য এটি যথেষ্ট কারণ নয়। ওই গোলটি বাতিল করা উচিত হয়নি।’
স্কটল্যান্ডের সাবেক উইঙ্গার প্যাট নেভিনও মনে করেন, গোলটি বাতিল করার মতো স্পষ্ট কোনো ফাউল হয়নি। সেখানে তখন ব্লক তৈরির চেষ্টা চলছিল। তবে সেটি কি গোলরক্ষককে প্রভাবিত করেছে? দেখে মনে হচ্ছে করেছে।’
প্যাট নেভিন বলেন, ‘এটি আসলে সম্পূর্ণ রেফারির ব্যক্তিগত বিবেচনার (সাবজেক্টিভ কল) বিষয়। সিদ্ধান্তটি মোটেও পরিষ্কার নয়।’
- বিষয় :
- জার্মানি
- ভিএআর
- প্যারাগুয়ে
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
