পাঁচ ডিফেন্ডার খেলানোর ব্যাখ্যায় যা বললেন নেদারল্যান্ডস কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৫:৫২
বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডসের বিদায়ের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন দলটির কোচ রোনাল্ড কোমান। মরক্কোর বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের ঐতিহ্য থেকে সরে এসে পাঁচ ডিফেন্ডার নিয়ে দল সাজানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে সমালোচনাকে আমলে না নিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন ডাচ কোচ।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে মেক্সিকোর মন্টেরেইয়ে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোমান জানান, ভয়ের কারণে নয়, প্রতিপক্ষকে বিশ্লেষণ করেই পাঁচ ডিফেন্ডার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কোমান বলেন, ‘এই রক্ষণাত্মক কৌশলে আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলোর তুলনায় প্রতিপক্ষকে অনেক কম সুযোগ দিয়েছি। সেটি ইতিবাচক দিক। তবে একই সঙ্গে আক্রমণে আমরা কিছুটা কম কার্যকর ছিলাম।’
মরক্কোকে সুইডেন কিংবা তিউনিসিয়ার চেয়ে অনেক শক্তিশালী দল উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা কৌশল নিয়ে যা খুশি ভাবতে পারেন। কিন্তু সুইডেন ও তিউনিসিয়ার তুলনায় অনেক শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা অনেক কম সুযোগ দিয়েছি। আবার যদি একই ম্যাচ খেলতে হতো, আমি ঠিক একইভাবেই দল সাজাতাম।’
ম্যাচের শেষ দিকে মরক্কো সমতা ফেরাতে না পারলে তার কৌশল নিয়েই প্রশংসা হতো বলেও জানান ডাচ কোচে। তিনি বলেন, ‘মরক্কো যদি শেষ মুহূর্তে গোল করে সমতায় ফিরতে না পারতো, তাহলে হয়তো সবাই আমার প্রশংসা করত। কিন্তু এখন পাঁচ ডিফেন্ডার নামানোর জন্য সমালোচনা করা হচ্ছে। তবু আমি বিশ্বাস করি, সিদ্ধান্তটি সঠিক ছিল।’
কৌশল নির্ধারণের আগে খেলোয়াড়দের সঙ্গেও আলোচনা হয়েছিল বলে জানান কোমান। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাকে সমালোচনা করতেই পারেন। সেটি আপনাদের অধিকার। কিন্তু আপনারা মাঠের বাইরে থেকে ফুটবলকে দেখেন। আমি প্রতিদিন দলের সঙ্গে কাজ করি। কোথায় উন্নতি দরকার, সেটা আমি জানতাম এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি।’
ভয়ের কারণে দলকে রক্ষণাত্মকভাবে খেলানো হয়েছে এমন অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। কোমান বলেন, 'এটি কোনোভাবেই ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত ছিল না। ভয় কেন পাব? আমাদের দলে তো তিনজন স্ট্রাইকার খেলছিল। বিষয়টি ছিল রক্ষণভাগকে আরও শক্তিশালী করা। প্রতিপক্ষকে বিশ্লেষণ করেই এই পরিকল্পনা করা হয়েছিল, ভয়ে নয়।'
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন কোমান। তবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে পুরো টুর্নামেন্ট পর্যালোচনা করেই জাতীয় দলের দায়িত্বে থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
- বিষয় :
- মরক্কো
- নেদারল্যান্ডস
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
