খারাপ আবহাওয়ায় পিছিয়ে গেল মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ
ছবি- এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৭:৪৫ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ০৭:৪৮
প্রবল বৃষ্টি আর বজ্রঝড়ের কারণে মেক্সিকো ও ইকুয়েডরের লড়াই নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ শুরুর সময় ১ ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকোর ঐতিহাসিক জাতীয় স্টেডিয়াম ‘এস্তাদিও আজতেকা’য় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। মাঠে খেলা গড়ানোর ৪ ঘণ্টা আগে থেকেই গ্যালারি মাতাতে স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেন হাজার হাজার ফুটবলপ্রেমী। তবে আকস্মিক প্রতিকূল আবহাওয়ার কারণে পুরো স্টেডিয়ামজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়। পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে, বজ্রপাতের আশঙ্কায় দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমেই অবস্থান করতে হয় এবং ম্যাচ-পূর্ববর্তী ওয়ার্ম-আপ পর্যন্ত করার সুযোগ পাননি তারা। দর্শনার্থী ও খেলোয়াড়দের সামগ্রিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আয়োজক কমিটি ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করে।
বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কাটার এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। সহ-আয়োজক মেক্সিকো ১৯৮৬ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনো জয় পায়নি। ঘরের মাঠে এবার তাদের সামনে দীর্ঘ ৪০ বছরের সেই খরা কাটানোর সুবর্ণ সুযোগ। অন্যদিকে, ইকুয়েডরও মুখিয়ে আছে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেতে। তবে মাঠের সেই কাঙ্ক্ষিত মহারণের আগে আপাতত প্রকৃতির বাধায় ড্রেসিংরুমেই কাটছে তাদের স্নায়ুচাপের মুহূর্ত।
- বিষয় :
- মেক্সিকো
- ইকুয়েডর
- বিশ্বকাপ ফুটবল
