ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

জার্মানিকে বিদায় করা প্যারাগুয়েকে নিয়ে সতর্ক ফ্রান্স

জার্মানিকে বিদায় করা প্যারাগুয়েকে নিয়ে সতর্ক ফ্রান্স
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৫:০০

সুইডেনের রক্ষণভাগকে একাই তছনছ করে ফ্রান্সকে ৩-০ গোলের দাপুটে জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে । তবে শেষ বত্রিশের মিশন শেষ হতে না হতেই ফরাসি শিবিরের ভাবনায় এখন কেবলই প্যারাগুয়ে। বিশ্বমঞ্চের প্রথম বড় অঘটন ঘটিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দেওয়া গুস্তাভো আলফারোর শিষ্যদের নিয়ে ম্যাচ শেষেই নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে ও কোচ দিদিয়ের দেশম।

প্যারাগুয়েকে নিয়ে ফরাসি অধিনায়ক বলেন, ‘এখনই প্যারাগুয়েকে নিয়ে আমাদের চিন্তা শুরু হয়ে গেছে। তারা প্রমাণ করেছে যে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু তারা জার্মানির মতো পরাশক্তিকে হারিয়েছে, তাই স্পষ্ট যে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আমরা সেখানে কেবল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’

প্যারাগুয়ের লড়াকু মানসিকতার প্রশংসা করে দেশম বলেন, ‘আমি তাদের খেলা দেখেছি। জার্মানির মতো শক্তিশালী দলকে হারিয়ে দেওয়াটা মোটেও কাকতালীয় ছিল না। তাদের মধ্যে সেই চেনা ‘দক্ষিণ আমেরিকান ডিএনএ’ রয়েছে। তারা শারীরিক ফুটবল খেলে, বিশেষ করে ওয়ান-টু-ওয়ান দ্বৈরথগুলোতে তারা দুর্দান্ত। পাশাপাশি দলে বেশ কয়েকজন দারুণ প্রতিভাবান ফুটবলারও রয়েছে।’

চলতি বিশ্বকাপে এমবাপ্পের ফর্ম এখন তুঙ্গে। সেনেগাল, ইরাক এবং সর্বশেষ সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে মাত্র ১৮ ম্যাচেই নিজের বিশ্বকাপ গোলের খাতা ১৮-তে নিয়ে গেছেন তিনি। যা ইতিহাসের অন্যতম দ্রুততম রেকর্ড। তবে এই অতিমানবীয় ফর্মের এমবাপ্পেকেই এবার পরীক্ষা দিতে হবে ৬ ফুট ৬ ইঞ্চির প্রাচীর অরল্যান্ডো গিলের বিরুদ্ধে।

আগামী ৪ জুলাই দিবাগত রাত ৩টায় কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহাযুদ্ধে মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে। এই ম্যাচের জয়ী দল শেষ আটে মুখোমুখি হবে কানাডা বনাম মরক্কো ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

আরও পড়ুন

×