মরক্কোর কাছে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ডাচ কোচের পদত্যাগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৫:১৩ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ১৫:২৭
বিশ্বকাপে থেকে বিদায়ের পর নেদারল্যান্ডসে প্রধান কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মরক্কোর বিপক্ষে নাটকীয় টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের খবর জানান কোম্যান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে কোম্যান লিখেন, ‘গত রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছি, নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হিসেবে আমি আর থাকছি না। আমরা সবাই মিলে এই বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমরা পারিনি। এই স্বপ্নভঙ্গে আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। কোচ হিসেবে দিনশেষে এই ব্যর্থতার দায়ভার আমার।’
এমনকি অসুস্থ স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে কোচিং ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিতও দিয়েছেন ৬৩ বছর বয়সী কোম্যান। সাবেক এই ডাচ ডিফেন্ডার বলেন, ‘গত কয়েক বছরে আমি অনুধাবন করতে পেরেছি, জীবনে ফুটবলের থেকেও গুরুত্বপূর্ণ আরও কিছু আছে। ফুটবলই আমার জীবন। কিন্তু মানুষের স্বাস্থ্য অমূল্য। যখন আপনার কোনো প্রিয়জন কঠিন কোনো লড়াই লড়ছে, তখন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। অসুস্থ থাকা সত্ত্বেও আমার স্ত্রী আমাকে প্রতিনিয়ত আমাকে সমর্থন দিয়েছে, যেন কোচ হিসেবে আমি আমার কাজ শেষ করতে পারি। আমি তার প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারব না।’
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে নেদারল্যান্ডসের বিদায় নেয়ার পর লুইস ফন হালের স্থলাভিষিক্ত হন কোম্যান। এর আগেও ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দুই বছর নেদারল্যান্ডসের ডাগআউটে ছিলেন তিনি। কোম্যানের অধীনে গত ইউরোর সেমিফাইনাল খেললেও ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ২৫ এর ভেতরে থাকা কোনো দলকে হারাতে পারেনি ডাচরা।
বিদায়বার্তায় তিনি ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আক্ষেপ প্রকাশ করে বলেন, বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে সেটিই হতো সবচেয়ে আনন্দের বিষয়। তবে দীর্ঘ কোচিং ও ফুটবল ক্যারিয়ার নিয়ে তিনি গর্বিত বলেও বিবৃতিতে উল্লেখ করেন।
- বিষয় :
- নেদারল্যান্ডস
- পদত্যাগ
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
