আনারস যেন ভিনির ‘লাকি চার্ম’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১২:৫০
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য কী? এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর হয়তো নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে বেশ মজার একটি আলোচনা। ভাইরাল হওয়া কয়েকটি ছবি ও ভিডিও দেখে অনেকেরই প্রশ্ন, ভিনিসিয়ুসের পায়ের জাদুর নেপথ্যে কি তবে আনারস?
চলতি ২০২৬ বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের আগে টানেল দিয়ে মাঠে যাওয়ার সময় হাতে ছিল আনারসের টুকরো। আরেকটি ভিডিওতে দেখা গেছে, ওয়ার্ম-আপের সময় এবং প্রথমার্ধের বিরতি শেষে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগেও নিশ্চিন্তে আনারস খাচ্ছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে ভিনির জন্য এটি মোটেও নতুন কোনো অভ্যাস নয়। রিয়াল মাদ্রিদের হয়েও ম্যাচের আগে ডাগআউট কিংবা টানেলে একাধিকবার তাকে ফল খেতে দেখা গেছে। তবে এই অভ্যাস সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২৪ সালের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। এল ক্লাসিকোর আগে আনারস খেয়ে মাঠে নেমে বার্সেলোনার জালে হ্যাটট্রিক করেছিলেন তিনি। রিয়ালও জিতেছিল শিরোপা। এরপর থেকেই সমর্থকদের অনেকেই মজা করে বলতে শুরু করেন, আনারসই বুঝি ভিনির ‘লাকি চার্ম’।
Vinícius Jr qui mange un ananas avant d’humilier le Barca à la dernière Supercoupe d'Espagne.
— Kenpachi (@Kenpachi1070) January 10, 2025
Le propriétaire du Barca. pic.twitter.com/reh0kdBnz4
ব্রাজিল জাতীয় দলের পুষ্টি পরিকল্পনায় ম্যাচের আগে কলা, আনারসসহ বিভিন্ন ফল নিয়মিত রাখা হয়। কারণ এসব ফল দ্রুত শক্তি জোগায়, শরীরকে সতেজ রাখে এবং দীর্ঘ সময়ের উচ্চগতির ফুটবলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
পুষ্টিবিদদের মতে, ফুটবলারদের জন্য আনারস বিশেষভাবে উপকারী। এই ফলে প্রায় ৮৫ শতাংশ পানি থাকায় শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক কার্বোহাইড্রেট খুব দ্রুত শক্তি জোগায়, আবার পেটে ভারী অনুভূতিও তৈরি করে না। ভিটামিন সি তীব্র শারীরিক পরিশ্রমের ফলে তৈরি হওয়া ক্লান্তি ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে। পাশাপাশি ব্রোমেলিন নামের একটি প্রাকৃতিক এনজাইম প্রোটিন হজম সহজ করে এবং পেশির পুনরুদ্ধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
- বিষয় :
- ভিনিসিয়াস জুনিয়র
- আনারস
- বিশ্বকাপ ফুটবল
- ব্রাজিল
