ইয়ামালকে থামাতে বিশেষ কৌশল অস্ট্রিয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৫:৪১
শেষ বত্রিশের লড়াইয়ে আজ রাতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনের মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া। তবে স্পেনকে নিয়ে যতটা না ভাবছেন অস্ট্রিয়ান কোচ রালফ রাংনিক, তার চেয়ে বেশি ভাবছেন লামিন ইয়ামালকে নিয়ে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১৮ বছর বয়সী এই স্প্যানিশ বিস্ময়বালককে আটকে রাখাই তার দলের প্রধান লক্ষ্য।
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছেন ইয়ামাল। গ্রুপ পর্বে তিন ম্যাচ মিলিয়ে মাত্র ১৪১ মিনিট খেলেও একটি গোল করেছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। সীমিত সময় মাঠে থেকেও প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন তিনি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইয়ামালকে নিয়ে রাংনিক বলেন, ‘লামিন ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আগামী ১২, ১৩ কিংবা ১৪ বছর, হয়তো তারও বেশি সময় সে এভাবেই খেলবে। যদি ফিট থাকে এবং নিজের মনোযোগ ধরে রাখতে পারে, তাহলে তার সামনে অসাধারণ একটি ক্যারিয়ার অপেক্ষা করছে।’
তবে প্রশংসার পরই নিজের পরিকল্পনার কথাও জানিয়ে দেন অস্ট্রিয়ান কোচ, ‘সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরদারির একজন। আমরা কোনোভাবেই তাকে জায়গা দিতে চাই না। বল পায়ে নিয়ে ড্রিবলিং শুরু করার সুযোগও যতটা সম্ভব বন্ধ রাখতে চাই।’
ইয়ামালের দর্শকপ্রিয়তার কথা স্বীকার করে রাংনিক বলেন, ‘ফুটবলপ্রেমীরা অবশ্যই তার খেলা দেখতে চায়। কিন্তু আমাদের দায়িত্ব হলো তাকে যতটা সম্ভব বল থেকে দূরে রাখা এবং ম্যাচে তার প্রভাব কমিয়ে দেওয়া।’
অস্ট্রিয়া গ্রুপ পর্বের তিন ম্যাচে ৬টি গোল করেছে, যা স্পেনের চেয়ে একটি বেশি। তবে রাংনিক ভালো করেই জানেন, ২০২৩ সালের মার্চ মাস থেকে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্প্যানিশ আর্মাডার বিপক্ষে জিততে হলে তার দলকে অন্য পর্যায়ের ফুটবল খেলতে হবে। তিনি বলেন, ‘স্পেনের বিপক্ষে আমাদের আগের যেকোনো ম্যাচের চেয়ে ভালো খেলতে হবে। এটা পরিষ্কার। এই ম্যাচ জিততে হলে আমাদের পারফরম্যান্সের মান আরও এক ধাপ ওপরে নিতে হবে।’
অবশ্য ইনজুরির কারণে ডিফেন্ডার ফিলিপ এময়েনেকে পাচ্ছে না অস্ট্রিয়া। তবু রাংনিকের বিশ্বাস, পর্যাপ্ত বিকল্প আছে তার হাতে। আর সেই বিকল্পদের সবচেয়ে বড় দায়িত্ব হবে, লামিন ইয়ামালকে যতটা সম্ভব নিষ্ক্রিয় রাখা।
- বিষয় :
- লামিন ইয়ামাল
- স্পেন
- অস্ট্রিয়া
