ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ৯০ ভাগ, কেপ ভার্দে ১০ ভাগ ফেভারিট

আর্জেন্টিনা ৯০ ভাগ, কেপ ভার্দে ১০ ভাগ ফেভারিট
×

জামাল ভূঁইয়া, জাতীয় দলের অধিনায়ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১০:০০ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ১০:০০

বিশ্বকাপের আসল রোমাঞ্চ এখন শুরু হয়েছে। জার্মানি, নেদারল্যান্ডসের মতো দলের বাদ পড়াটা ফেভারিটদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। জাপানের বিপক্ষে অল্পের জন্য পা হড়কায়নি ব্রাজিল। শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তির কৌশলের কাছেই মার খেয়েছে জাপান। ব্রাজিল শেষ ষোলোতে ওঠায় আর্জেন্টিনার সমর্থকরা একটু চাপ অনুভব করছে।

তবে শেষ বত্রিশের প্রতিপক্ষের দিকে তাকালে আর্জেন্টিনার জন্য ম্যাচটি মোটেও কঠিন নয়। কেপ ভার্দে যে নকআউটে উঠবে, সেটি কেউ কল্পনা করেনি। একই সঙ্গে তারা যে আর্জেন্টিনাকে হারাবে, সেটিও কেউ মনে করছে না। যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে আমার কথা হয়েছে। সবার একটাই কথা, পাঁচ থেকে ছয় গোলে জিতবে আর্জেন্টিনা। সবাই খুবই আত্মবিশ্বাসী। ব্যক্তিগতভাবে আমি মনে করি আর্জেন্টিনা ৯০ ভাগ এবং কেপ ভার্দে ১০ ভাগ ফেভারিট।

আর্জেন্টিনা কোচ গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একাদশে অনেক পরিবর্তন এনেছেন। এমনকি লিওনেল মেসিকে বদলি হিসেবে নামিয়েছেন। আমার কাছে লিওনেল স্কালোনির এই বিষয়টা ভালো লেগেছে। মোটামুটি বেস্ট ইলেভেনে খেলা অনেক ফুটবলারই বিশ্রাম পেয়েছেন। কেপ ভার্দের বিপক্ষে নতুন উদ্দীপনা নিয়ে নামতে পারবেন তারা। আমি যুক্তরাষ্ট্রে এক আর্জেন্টাইনের সঙ্গে কথা বলেছিলাম। হাসির ছলে তাঁকে বললাম, মেসি তো এখন বুড়ো হয়ে গেছে। তিনি বললেন, মেসি বুড়ো হয়ে যাননি। বরং তাঁর পারফরম্যান্স আগের চেয়ে আরও ভালো হয়েছে। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার ফ্যান থেকে শুরু করে সবাই আত্মবিশ্বাসী যে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা।

কেপ ভার্দেকেও বাতিলের খাতায় রাখাটা হবে বোকামি। তারা গ্রুপ পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়েছে। সৌদি আরবের সঙ্গেও ড্র করেছে। তিন ম্যাচে ড্র করে শেষ বত্রিশে উঠেছে। আর্জেন্টিনার বিপক্ষেও তারা রক্ষণাত্মক খেলবে, এটি নিশ্চিত। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে তাদের গোল করবে কে, এটি হচ্ছে বড় প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে, তারা ডিফেন্সে খেলবে। সেক্ষেত্রে আর্জেন্টিনার ফুটবলাররা খেলার জন্য অনেক জায়গা পাবেন। তারা জানেন একটু ওপরে খেললে আর মেসি যদি একা থাকে, তাহলে সমস্যায় পড়বে।

এবারের বিশ্বকাপে মেসি ইতোমধ্যে ছয় গোল করেছেন। তাঁর সমান গোল ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের। অ্যাসিস্ট বেশি হওয়াতে এমবাপ্পে এখন সর্বোচ্চ স্কোরার তালিকায় এক নম্বরে। আমার কাছে মনে হচ্ছে, এমবাপ্পে একসময় বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার হবেন। সম্ভবত এটিই মেসির শেষ বিশ্বকাপ। এমবাপ্পের বয়স হিসেবে আরও দু-তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন। সেই হিসেবে গোলের সংখ্যাটাও বাড়িয়ে নিতে পারবেন তিনি। আরেকটা জিনিস এখন অনেক খেলা হয়। কেপ ভার্দের বিপক্ষে মেসির লড়াইটা হতে পারে গোলরক্ষক ভোজিনহার সঙ্গে। কেপ ভার্দের এই গোলরক্ষক কিন্তু অনেক আত্মবিশ্বাসী। তবে বেশি আত্মবিশ্বাসী হওয়া ভালো না।

আরও পড়ুন

×