কানসাসে কলম্বিয়াকে রুখতে চায় ঘানা
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১০:৩৪
বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে লাতিন আমেরিকার ফুটবল জায়ান্ট কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে আফ্রিকার দল ঘানা। আজ রাতে যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটি স্টেডিয়ামে ব্ল্যাকস্টারদের সঙ্গে দ্য ট্রাই কালার দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই জয় ও এক ড্রতে সাত পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের সেরা হিসেবে নকআউট পর্বের টিকিট পায় কোচ নেস্টোর লরেঞ্জোর দল কলম্বিয়া। অপরদিকে তিন ম্যাচে সমান জয়-পরাজয় ও ড্রতে চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলের একটি হিসেবে টুর্নামেন্টের শেষ ৩২-এর মঞ্চে জায়গা করে নিয়েছে কোচ কার্লোস কুইরোজের শিষ্যরা।
বিশ্বকাপে আগে কখনও ঘানার মুখোমুখি হয়নি কলম্বিয়া দলটি। এমনকি কোনো ফিফা প্রীতি ম্যাচেও খেলেনি আফ্রিকান ও লাতিন আমেরিকান দল দুটি। তবে বিশ্বকাপ ও টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচের ফল থেকে দুই দলের শক্তি সম্পর্কে আঁচ পাওয়া যায়। কলম্বিয়া বিশ্বকাপের অংশ নেওয়ার আগে কোস্টারিকা ও জর্ডানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। কোস্টারিকার বিপক্ষে ৩-১ ও জর্ডানের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় নেস্টোর লরেঞ্জোর দল। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ এবং ডিআর কঙ্গোর বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় ট্রাই কালাররা। গ্রুপের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে লাতিন আমেরিকান দলটি। টুর্নামেন্টে এ পর্যন্ত প্রতিপক্ষকে ৪ গোল দিয়ে মাত্র এক গোল হজম করেছে কলম্বিয়া। দলটির আক্রমণভাগে দারুণ ছন্দে আছেন লুই দিয়াজ, হামেস রদ্রিগেজ ও জ্যামিন্টন কাম্পাজরা। অপরদিকে ড্যানিয়েল দিয়াজের নেতৃত্বে রক্ষণভাগ নিয়েও দারুণ আত্মবিশ্বাসী ট্রাই কালার দল।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে মেক্সিকো ও ওয়েলস দলের মুখোমুখি হয় ঘানা। দুই ম্যাচের একটিতে হার ও একটিতে ড্র করে ব্ল্যাকস্টাররা। এর মধ্যে বিশ্বকাপের সহ-স্বাগতিক মেক্সিকোর সঙ্গে ২-০ গোলে হারে এবং ওয়েলসের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে আফ্রিকান দলটি। কোচ কার্লোস কুইরোজের শিষ্যরা বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয়। পরের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলহীন ড্রয়ের পর ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে ‘এল’ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নম্বরেই থাকতে হয় ব্ল্যাকস্টার দলকে। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রতিপক্ষের পোস্টে দুইবার বল পাঠিয়ে সমান দুই গোল হজম করেছে আফ্রিকান দলটি। তবে প্রতিপক্ষের জন্য দুর্ভাবনার কারণ হতে পারে ঘানার ডেরিক লুকাসেন ও ক্যালেব ইরেনকিয়িরা।
ফিফা আসর বা প্রীতি ম্যাচে আগে কখনও সাক্ষাৎ না হওয়ায় কানসাস সিটিতে জয়ের ইতিহাস রাঙাতে চাইবে কলম্বিয়া ও ঘানা। যে দল দুটির বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনালে পৌঁছানো।
- বিষয় :
- কলম্বিয়া
- ঘানা
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
