ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নাগেলসম্যানের পদত্যাগে জার্মানির নতুন কোচ নিয়ে গুঞ্জন

নাগেলসম্যানের পদত্যাগে জার্মানির নতুন কোচ নিয়ে গুঞ্জন
×

ইউলিয়ান নাগেলসম্যান। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৫:১৭ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ১৫:২৩

প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর পদত্যাগ করেছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসম্যান। শুক্রবার স্থানীয় ও আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রভাবশালী গণমাধ্যম বিল্ড ও স্কাইনিউজ জার্মানির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সঙ্গে ২০২৮ সালের ইউরো পর্যন্ত চুক্তি ছিল নাগেলসম্যানের। তবে ফেডারেশনের অনুরোধে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন।

নাগেলসম্যানের এই বিদায়ের ফলে লিভারপুলের সাবেক ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের জন্য জার্মানির কোচ হওয়ার পথ সুগম হলো। জার্মান ফুটবল ফেডারেশনও ক্লপকে তাদের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছে।

ইয়ুর্গেন ক্লপ। ছবি: এএফপি

ক্লপ ২০২৪ সালে লিভারপুল ছাড়েন। তাঁর অধীনে ক্লাবটি চ্যাম্পিয়ন্স ও প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। বর্তমানে তিনি রেড বুলের গ্লোবাল হেড অব ফুটবল- এর দায়িত্বে আছেন। ৫৯ বছর বয়সী ক্লপ জার্মানিতে বেশ জনপ্রিয়। চলমান বিশ্বকাপে তিনি একটি টেলিভিশনে বিশ্লেষক হিসেবেও কাজ করছেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির সদরদপ্তরে প্রায় তিন ঘণ্টার একটি বৈঠকে অংশ নেন নাগেলসম্যান। সেখানে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার জন্য ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। এটি তাঁর এক বছরের বেতনের সমান।

এএফপি লিখেছে, পদত্যাগের খবরটি যদি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় তবে ৩৮ বছর বয়সী নাগেলসম্যান হবেন জার্মান ফুটবলের ইতিহাসে বরখাস্ত হওয়া দ্বিতীয় কোচ। ২০২৩ সালে প্রথমবার এমন ঘটনা ঘটে হ্যান্সি ফ্লিকের সঙ্গে।

আরও পড়ুন

×