‘অসন্তুষ্ট’ নেইমারের আচরণ-শ্রদ্ধায় উচ্ছ্বসিত আনচেলত্তি
নেইমারের সঙ্গে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির খুনসুটি। ছবি: জি গ্লোবো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২১:৪৫ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ২১:৪৮
‘খুড়িয়ে-খুড়িয়েও’ আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৬ বছর পার করে ফেলেছেন নেইমার জুনিয়র। দীর্ঘ এই ক্যারিয়ারে ব্রাজিলিয়ান সুপারস্টার ফিট ঘোষণার পরও বেঞ্চে বসেছেন মাত্র সাতবার। যার দুটি চলতি বিশ্বকাপে। সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়েও বেঞ্চ গরম করতে দেখা যেতে পারে সেলেসাও নাম্বার টেনের।
অথচ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন ৯০ মিনিট খেলার জন্য ফিট। নিশ্চয় ফিট নেইমারের বেঞ্চে বসতে ভালো লাগছে না। সেলেসাও কোচ সেটা স্বীকারও করেছেন। তবে নেইমার তা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে না। সতীর্থদের সমর্থন করছেন। তার আচার-আচরণও পেশাদার। যা দেখে ডন কার্লো বেশ খুশি।
ব্রাজিলের সংবাদ মাধ্যম ফোল’হা দি সাও পাওলোকে ব্রাজিলের ইতালিয়ান কোচ বলেছেন, ‘হ্যাঁ, এখন সে ৯০ মিনিট খেলতে পারবে। খেলতে না পারায় সে সন্তুষ্ট নয়। তবে সে খুব ভালো আচার-আচরণ প্রদর্শন করছে। খুব ভালো অনুশীলন করছে এবং তার সম্মানবোধ দারুণ। সতীর্থদের সঙ্গে তার সংযোগ ভালো ও দলের প্রতি দয়ালু সে।’
নেইমার ব্রাজিলের চার ম্যাচে মাত্র ২০ মিনিট খেলতে পেরেছেন। তারপরও নেইমারকে বিশ্বকাপ যাত্রায় ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ কার্লো, ‘সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। মানুষ হিসেবেও খুব ভালো। সে খেলতে চায়, সবসময়ের মতোই। আমি তাকে নিয়ে খুশি।’
জাপানের বিপক্ষে শেষ সময়ে মার্তেনেল্লি গোল করে ব্রাজিলকে শেষ ষোলোয় তোলেন। ব্রাজিলের খেলোয়াড়, কোচিং স্টাফরা উদযাপন করলেও ডন কার্লোকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। এমনকি শেষ বাঁশির পরও উদযাপনের চেয়ে জাপানের কোচের সঙ্গে হাত মেলানোকে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে রিয়াল মাদ্রিদের সাবেক কোচকে।
বিষয়টি নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি উদযাপন করতে দৌঁড়াতে পারিনি, কারণ আমার হাঁটুতে সমস্যা আছে। আমার বয়সও ৬৭ বছর। তাছাড়া ম্যাচ তখনো শেষ হয়নি। কিছু সময় বাকি ছিল। সুতরাং তখন আমি উদযাপন করতে পারি না। কারণ আমার বাজে অভিজ্ঞতাও রয়েছে। ম্যাচ শেষ (জিতছি) ভাবার পরও বাজেভাবে শেষ হয়েছে।’
কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নরওয়ে’কে নিয়ে সতর্ক ব্রাজিলের কোচ আনচেলত্তি। দলটির স্ট্রাইকার হালান্ডকে সমীহ করছেন তিনি। তবে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী, ‘নকআউট পর্বের সব ম্যাচ কঠিন। অনেক কিছু সামনে চলে আসে। টেকনিক্যাল, ট্যাকটিক্যালের বাইরে মানসিক ব্যাপারও আছে। নরওয়ে ভালো দল। হালান্ড বিশ্বমানের খেলোয়াড়। তবে ভালো খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
