মেসির জার্সি কি পেয়েছেন ভোজিনহা
ভোজিনহার জালে বল পাঠান মেসি। ছবি: মার্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২০:২২
গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়েছিল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। নকআউট পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ পড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দলটির গোলরক্ষক ভোজিনহা। মেসির জার্সি চেয়ে নেবেন বলেও মন্তব্য করেছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক।
শনিবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে কেপ ভার্দে। মেসিদের ম্যাচটা অতিরিক্ত সময়ে খেলতে বাধ্য করে শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে তারা।
ম্যাচের পর মেসির সঙ্গে কথা বলতে দেখা যায় ভোজিনহাকে। সেখানে একে অপরের প্রশংসা করেন। কেপ ভার্দে গোলরক্ষক মেসির কাছে জার্সি চান, ‘আমরা কি জার্সি বদলাতে পারি? জবাবে মেসি বলেন- টানেলে সাক্ষাৎকার শেষে জার্সিটা তোমাকে দেব।’
মেসির সঙ্গে আলাপের প্রসঙ্গে ভোজিনহা বলেন, ‘ম্যাচ শেষে আমি মেসির কাছে গিয়েছিলাম, তিনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন- তুমি অসাধারণ, তোমাদের দেশের মানুষ তোমার জন্য গর্ব করতে পারে। তার প্রশংসা পাওয়া আমার জন্য অসাধারণ।’
এসময় মেসিরও প্রশংসা করেন ভোজিনহা, ‘মেসির থেকে এমন প্রশংসা শোনা বিশেষ কিছু। আমিও তাকে ধন্যবাদ জানাই এবং বলি- তুমি বিশ্ব সেরা। বিশ্বকাপে সাক্ষী হওয়া এমন মুহূর্ত সারাজীবন আমার হৃদয়ে জুড়ে থাকবে।’
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
