ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

‘কে ভেবেছিল কেপ ভার্দের বিপক্ষে ভুগবে আর্জেন্টিনা?’

‘কে ভেবেছিল কেপ ভার্দের বিপক্ষে ভুগবে আর্জেন্টিনা?’
×

ছবি- ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৩:৩১

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নরওয়েকে নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন কার্লো আনচেলত্তি। আর সেই সতর্কতার উদাহরণ হিসেবে টেনে এনেছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়কে।

ব্রাজিল কোচের মতে, আধুনিক ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়, আর কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনার সেই ম্যাচের প্রসঙ্গ টেনে আনচেলত্তি বলেন, ‘কে বলতে পেরেছিল যে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে এতটা ভুগতে হবে? কেউ ভাবেনি। কিন্তু আধুনিক ফুটবল এখন এমনই। প্রতিটি ম্যাচ কঠিন।’

তবে এটিকে আর্জেন্টিনার ব্যর্থতা হিসেবে দেখতে রাজি নন ইতালিয়ান এই কোচ। বরং কেপ ভার্দের প্রশংসাই করেছেন তিনি, ‘আর্জেন্টিনা খুব গোছানো একটি দলের বিপক্ষে খেলেছে। এতে তাদের কোনো দোষ নেই। কেপ ভার্দে যেভাবে খেলেছে, তার জন্য তাদের খেলোয়াড় ও কোচ অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।’

আনচেলত্তি ইতিহাস, পরিসংখ্যান কিংবা ফিফা র‍্যাংকিংকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তার চোখে, বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই নতুন পরীক্ষা। আর সেই পরীক্ষায় নরওয়েকে এক মুহূর্তের জন্যও হালকাভাবে নিতে রাজি নয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আরও পড়ুন

×