ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

হালান্ডকে নিয়ে সতর্ক ব্রাজিল, কষছে থামানোর ছক

হালান্ডকে নিয়ে সতর্ক ব্রাজিল, কষছে থামানোর ছক
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৩:৩৩

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম আর্লিং হালান্ড। দুর্দান্ত গতি, শারীরিক শক্তি এবং গোল করার অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়াচ্ছেন নরওয়ের এই স্ট্রাইকার। তাই ম্যাচের আগে হালান্ডকে থামানোর পরিকল্পনাই যেন বেশি গুরুত্ব পাচ্ছে ব্রাজিল শিবিরে। নরওয়ের আক্রমণের মূল ভরসা হালান্ডকে নিষ্ক্রিয় রাখতে পারলেই কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকবে সেলেসাওরা।

বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচের আগে ব্রাজিলের কোচ জানালেন, হালান্ডকে নিয়ে তার ডিফেন্ডারদের নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই।

কার্লো আনচেলত্তি বলেন, ‘হালান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের বুঝিয়ে বলতে হবে না সে কীথভাবে খেলে। তারা আমার চেয়েও তাকে ভালো চেনে। কারণ, তার বিপক্ষে তারা অনেকবার খেলেছে। তবে অবশ্যই হালান্ডের শক্তি ও সামর্থ্যের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, কারণ সে খুবই বিপজ্জনক একজন ফরোয়ার্ড।’

এদিকে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস মনে করেন, হালান্ডকে থামানোর সবচেয়ে কার্যকর উপায় হলো তাকে বল না পেতে দেওয়া।

গিমারেস বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে বল যেন হালান্ডের কাছে না পৌঁছায়। আমরা আক্রমণে উঠব, তবে সব সময় কেউ না কেউ তার সঙ্গে আঠার মতো লেগে থাকবে যেন সে কোনো ফাঁকা জায়গা না পায়। কারণ আমরা জানি, মাত্র একটি বল পেলেই সে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।’

নরওয়ের ফিজিক্যাল ফুটবল এবং হালান্ডের উচ্চতাকেও হুমকি হিসেবে দেখছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। বিশেষ করে কর্নার ও ফ্রি-কিক থেকে নরওয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘তারা আমাদের বক্সে অনেক বল ফেলবে এবং প্রত্যেকটি কর্নার বা ফ্রি-কিক থেকে গোল করার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে। তাদের সেই শক্তিকে নসাৎ করার জন্য আমরা পুরো সপ্তাহজুড়ে অনুশীলন করেছি। এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে।’

আরও পড়ুন

×