পেনাল্টিতে ভিনিকে রেখে ব্রুনো কেনো? জানালেন আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ০৭:৩৩ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ০৭:৩৪
ম্যাচের বয়স তখন মাত্র ১২ মিনিট। ডি-বক্সে ফাউলের শিকার হন মাতেউস কুনিয়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেই মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ব্রাজিল সমর্থকদের চোখে ভেসে ওঠে এগিয়ে যাওয়ার স্বপ্ন। বল হাতে পেনাল্টি স্পটের কাছে কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায় ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রুনো গিমারায়েসকে। অনেকেই ভেবেছিলেন শট নেবেন ভিনিসিয়ুস। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব নেন নিউক্যাসলের মিডফিল্ডার ব্রুনো। সেই সিদ্ধান্তই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
ধীরগতির রান-আপে নরওয়ের গোলরক্ষক অরিয়ান হাস্কিয়োল্ড নাইল্যান্ডকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন ব্রুনো। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। শুরুতেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। শেষ পর্যন্ত সেই আক্ষেপ নিয়েই ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের।
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মাঠে ভিনিসিয়ুস থাকতেও কেন পেনাল্টি নিলেন ব্রুনো? সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

তিনি বলেন, ‘ম্যাচের আগে আমাদের ও প্রতিপক্ষের গত এক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছিল। সেখানে আমাদের সেরা পেনাল্টি টেকারদের তালিকায় ছিল নেইমার, ইগর থিয়াগো ও রাফিনিয়া। তাদের পরেই ছিল ব্রুনো গিমারায়েসের নাম। এরপর ছিল গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তাই মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে ব্রুনোই পরিসংখ্যান অনুযায়ী সেরা পছন্দ ছিল এবং সেই কারণেই ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল।’
চোটের কারণে ম্যাচের শুরুতে নেইমার ও রাফিনিয়া বেঞ্চে ছিলেন। ফলে আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী পেনাল্টির দায়িত্ব যায় ব্রুনোর কাঁধে। নিউক্যাসলের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে নেওয়া দুটি পেনাল্টির দুটিতেই গোল করেছিলেন তিনি। তবে মাঠের বাস্তবতা পরিসংখ্যানের সঙ্গে মেলেনি।
রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৫-২৬ মৌসুমে নিয়মিত পেনাল্টি নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। সব প্রতিযোগিতা মিলিয়ে সাতটি পেনাল্টির মধ্যে পাঁচটিতে সফল ছিলেন তিনি। এছাড়া ২০২৩ সালে ব্রাজিলের জার্সিতে নেওয়া নিজের একমাত্র পেনাল্টিটিও জালে জড়িয়েছিলেন এই ফরোয়ার্ড।
- বিষয় :
- ব্রাজিল
- কার্লো আনচেলত্তি
- ভিনিসিয়াস জুনিয়র
