‘ট্রাম্প-ইনফান্তিনোর ফুটবলের জ্ঞান নেই, তাঁদের নাক গলানো উচিত নয়’
ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে জিয়ান্নি ইনফান্তিনোর নেওয়া সিদ্ধান্তে ক্ষেপেছেন ইয়ুর্গেন ক্লপ। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৮:৩১ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৮:৩৫
ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে আলোচনার পর মার্কিন এক ফুটবলারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। এমন সিদ্ধান্তকে ফুটবলের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়েছেন জার্মানির কোচের দায়িত্ব নিতে যাওয়া ইয়ুর্গেন ক্লপ।
সোমবার ক্লপ বলেছেন, বসনিয়ার বিপক্ষে বালোগানের (স্ট্রাইকার ফোলারিন বালোগান) ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতোই বিষয় ছিল। নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে তাঁর খেলতে না পারাটা হয়তো দুঃখজনক। কিন্তু মনে রাখা উচিত নিয়ম সবার জন্য সমান।
লিভারপুলের সাবেক কোচ ক্লপ আরও বলেন, ‘এটি আমাদের খেলা, তাদের নয়... ট্রাম্প ও ইনফান্তিনো যদি সত্যিই নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে তা খুবই উদ্বেগজনক। এটি ফুটবলের সমস্ত নিয়মকানুনকে প্রশ্নের মুখে ফেলে দেয়।’ ক্ষোভ প্রকাশ করে ক্লপ বলেন, ‘এই দুই ব্যক্তির ফুটবল সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। ফুটবল সংশ্লিষ্ট কোনো বিষয়ে তাঁদের নাক গলানো মোটেও উচিত নয়।’
২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার আগে পেশায় আইনজীবী ইনফান্তিনো সুইজারল্যান্ডের ফুটবল প্রশাসক ছিলেন।
এদিকে ক্লপের মতো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সোমবার তারা এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে ফিফা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। অন্য যেকোনো খেলার মতো ফুটবলও কিছু নিয়মের ওপর ভিত্তি করে চলে। এই নিয়মই স্বচ্ছ প্রতিযোগিতার মূল ভিত্তি। কোনো কোনো নিয়ম ব্যাখ্যার অবকাশ রাখে, তবে এক্ষেত্রে (নিষেধাজ্ঞা প্রত্যাহার) তা নয়।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পান বালোগান। এ কারণে তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। সেদিন থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে তদবির শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ করেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের পর ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
আরও পড়ুন: পাঁচদিন ধরে ফিফায় তদবির করেন ট্রাম্প