আর্জেন্টিনাকেও এখন সতর্ক হতে হবে
সাবিনা খাতুন
সাবিনা খাতুন
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১০:২১
নরওয়ের কাছে ব্রাজিলের হারটি অপ্রত্যাশিতই বলা চলে। অনেকেই ভেবেছিল, ব্রাজিল খুব সহজে ম্যাচটি জিতে যাবে। ৪৮ দলের এবারের বিশ্বকাপটি যে কঠিন– ব্রাজিলের হারে তা আবারও প্রমাণিত হলো। বিশ্বমঞ্চে কাউকেই খাটো করে দেখা উচিত নয়। জার্মানি, ব্রাজিলের বিদায়ে এখন অন্য দলগুলোর জন্য সতর্কবার্তা, বিশেষ করে ফেভারিট আর্জেন্টিনাকে এখন সতর্ক হতে হবে। আফ্রিকার দেশ মিসর কিন্তু কোনো অংশে কম নয়। তা ছাড়া কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্সটা অতটা ভালো ছিল না। তাই আমার মনে হচ্ছে, মিসর চ্যালেঞ্জ জানাবে লিওনেল স্কালোনির দলকে।
মিসরের জন্য এবারের বিশ্বকাপটি ঐতিহাসিক। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠেছে তারা। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব থার্টিটুতে মিসর খুব একটা ভালো খেলতে পারেনি। টাইব্রেকারে জিতলেও তাদের খেলা অনেকের কাছে হয়তো আশানুরূপ হয়নি। তবে আমার কাছে মনে হয়, ফুটবলের এই ম্যাচগুলো এ রকমই হয়। যে কোনো টিম ভয়ংকর রূপ ধারণ করতে পারে। সে হিসেবে মিসরের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য কঠিন হওয়ার কথা। মিসরের কিন্তু অনেক ভালো মানের ফুটবলার আছেন। মোহামেদ সালাহ, ওমর মারমুশ, ইমাম আশুরের মতো ফুটবলাররা দলে অনেক অবদান রাখছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে, আর্জেন্টিনার বিপক্ষে তারা লো ডিফেন্স বা মিড ব্লক থেকে চেষ্টা করবে। আর মেসির প্রতি তো তাদের আলাদা নজর থাকবেই।
মিসরের বিপক্ষে আর্জেন্টিনা কিন্তু ফেভারিট। অভিজ্ঞতা, অ্যাটাকিং কোয়ালিটি আর্জেন্টিনার অনেক বেশি শক্তিশালী। একটা বিষয় গুরুত্বপূর্ণ যে মিসর কিন্তু নিজেদের অবস্থান বিশ্বকে জানিয়ে দিয়েছে। আর কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য ওয়েক আপ কলই বলা চলে। সেই ম্যাচ থেকে লিওনেল স্কালোনি তাঁর দলের অনেক দুর্বলতা ধরতে পেরেছেন। কেপ ভার্দে যে চমক দেখাবে, এমনটা শুরু থেকেই দেখা গেছে। তারা যেভাবে স্পেন ও উরুগুয়েকে আটকে দিয়েছিল, তাতে আর্জেন্টিনার আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতলেও আমার কাছে মনে হয়েছে, বেশ কিছু জায়গায় দলের উন্নতি করতে হবে। স্কালোনি হয়তো সেগুলো নিয়ে কাজ করছেন এবং দলকে সেভাবে প্রস্তুত করছেন।
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্স ও মিডফিল্ডে কিছু দুর্বলতা দেখা গেছে। তাই মিসরের বিপক্ষে ডিফেন্সিভ লাইন শেফ, মিডফিল্ড লাইনে বাড়তি নজর দিতে হবে। বল কন্ট্রোল পাওয়ার পরে আক্রমণে যেমন মনোযোগ দিতে হবে আর্জেন্টিনাকে, তেমনি করে মিসরের কাউন্টার অ্যাটাকের প্রতিও সজাগ থাকতে হবে। আর মেসিকে কিন্তু মার্ক করার চেষ্টা করবে মিসর। এই লড়াইটা মেসির সঙ্গে মোহামেদ সালাহরও। বলা যেতে পারে, তাঁর দেশের জন্য সালাহ হচ্ছেন মেসি! দলে তাঁর ভূমিকাও অনেক এবং তিনি খুবই স্কিলফুল। তাই সালাহকে নিয়ে সতর্ক থাকতে হচ্ছে আর্জেন্টিনাকে।
সাবিনা খাতুন: ফুটবলার, জাতীয় নারী দল