সুইস চ্যালেঞ্জের মুখে ডার্ক হর্স কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১১:০৩ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১১:১২
বিশ্বকাপে প্রথমবার সুইজারল্যান্ড ও কলম্বিয়ার সাক্ষাৎ হয়েছিল ১৯৯৪-এর যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। গ্রুপ পর্বের ওই ম্যাচে সুইসদের ২-০ গোলে হারিয়েছিল লাতিন আমেরিকানরা। তিন দশক পর আবার বিশ্বকাপে রেড ক্রস দলের মুখোমুখি হচ্ছে ট্রাই কালার জার্সিধারীরা। তবে এবার আরও গুরুত্বপূর্ণ ম্যাচে। কোয়ার্টার ফাইনালে চোখ রেখে ইউরোপিয়ান দলটির মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’খ্যাত কলম্বিয়া। আজ রাতে দুই দলের লড়াইটি হবে ভ্যাঙ্কুভারের বি.সি প্লেস স্টেডিয়ামে।
এবারের আসরে গ্রুপ পর্বে তেমন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি সুইজারল্যান্ডকে। প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর বসনিয়া হার্জেগোভিনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেন কোচ মুরাত ইয়াকিনের শিষ্যরা। তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের সহস্বাগতিক কানাডাকে ২-১ গোলে পেছনে ফেলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউটপর্ব নিশ্চিত করে ‘নাটি’খ্যাত দলটি। টুর্নামেন্টের ৩২-এর মঞ্চে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে আসে ইউরোপিয়ান দলটি। যে দলে দুর্দান্ত ছন্দে আছেন আক্রমণভাগ তারকা ইয়োহান মানজাম্বি, ব্রিল এমবোলো, রুবেন ভার্গাসরা।
অন্যদিকে গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ এবং ডিআর কঙ্গোর বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় ট্রাই কালাররা। তৃতীয় ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেন কোচ নেস্টোর লরেঞ্জোর শিষ্যরা। আফ্রিকার ঘানাকে ১-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নেয় লুই দিয়াজ, জেমস রদ্রিগেজ, জ্যামিন্টন কাম্পাজদের নিয়ে গড়া ট্রাই কালার দল।
রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে কলম্বিয়া কোচ বলেন, ‘সুইজারল্যান্ড খুবই গোছালো একটি দল। তারা টুর্নামেন্টে দারুণ খেলছে। দলটির আক্রমণভাগও খুব শক্তিশালী। তাদের বিপক্ষে আমরা কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছি।’ অন্যদিকে সুইস কোচ মুরাত ইয়াকিন বলেন, ‘টেকনিক্যাল দিক থেকে কলম্বিয়া দলটি খুবই মানসম্পন্ন। তারা যে কোনো প্রতিপক্ষের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে জানে। তাদের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ হবে। আমরা যদি টুর্নামেন্টে সামনে এগোতে চাই, তাহলে দলকে সম্মিলিত পারফরম্যান্স দেখাতে হবে।’
- বিষয় :
- সুইজারল্যান্ড
- কলম্বিয়া
- ফুটবল বিশ্বকাপ-২০২৬