ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ব্রাজিল-বধের পর কী করেছেন হালান্ড, জানালেন তার প্রেমিকা

ব্রাজিল-বধের পর কী করেছেন হালান্ড, জানালেন তার প্রেমিকা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৪:৩৬ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১৪:৩৯

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। সেই ইতিহাসের নায়ক দেশটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। সোমবার মেটলাইফে হালান্ডের জোড়া গোলের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে নরওয়ে। সেই জয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দেশটি।

ঐতিহাসিক জয়ের পর মাঠেই সতীর্থদের নিয়ে মাঠের ভেতরেই উদযাপনে মেতে ওঠেন হালান্ড। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামেও চলে হালান্ডদের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপন। তাদের সঙ্গে যোগ দেন গ্যালারিতে থাকা নরওয়ের ভক্ত ও সমর্থকরা।

এরপর ব্রাজিলকে ২-১ গোলে হারানোর উত্তেজনা আছড়ে পড়ে গ্যালারি ও ড্রেসিংরুমের সংলগ্ন ভিআইপি জোনে। সেখানে বান্ধবী ইসাবেল হাউগসেং জোহানসেন ও পরিবারের সদস্যদের সঙ্গে ব্রাজিলের বিপক্ষে জয়ের আনন্দ ভাগ করে নেন হালান্ড।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অন্দরমহলের সেই উদযাপনের একাধিক ছবি প্রকাশ করেছেন হালান্ডের প্রেমিকা জোহানসেন। এসব ছবির ক্যাপশনে নরওয়েজিয়ান ভাষায় হালান্ডের প্রেমিকা লেখেন— ‘Galskap’, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘পাগলামি’।

শেয়ার করা ছবিগুলোর একটিতে দেখা যায়, স্টেডিয়ামের গ্যালারিতে একটি ফোল্ডিং চেয়ারে হাত গুটিয়ে বসে রয়েছেন হালান্ড। পাশেই রয়েছেন প্রেমিকা জোহানসেন। অন্য একটি ছবিতে জোহানসেনকে সোনালি রঙের শিংযুক্ত ভাইকিং হেলমেট পরে উদযাপন করতে দেখা যায়। প্রেমিকা ও পরিবারের এই ঘরোয়া কিন্তু বন্য উদযাপন মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।

১৯৯৮ সালে সর্বশেষ বিশ্বকাপে অংশ নিয়েছিল নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর আরলিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে তারা ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয়। বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে ইউরোপের দেশটি। ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তিকে হারিয়ে জায়গা করে নেয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ১১ জুলাই মায়ামিতে ইংলিশদের মুখোমুখি হবে হালান্ডরা।

আরও পড়ুন

×