না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান
স্পোর্টস ডেস্ক০
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৫:৪৩
আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে আফগানিস্তানসহ বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।
শাপুর জাদরান দীর্ঘদিন ধরে তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে বিরল ও জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। একদিন পরই তার ৩৯তম জন্মদিন ছিল।
গত বছরের অক্টোবরে প্রথম অসুস্থ হয়ে পড়েন জাদরান। পরে আফগানিস্তানের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান ৩৮ বছর বয়সী এই পেসার। গত কয়েক মাস ধরে ভারতের দিল্লির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
চিকিৎসার পর প্রথম দিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে মাত্র ২০ দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
তবে শেষ পর্যন্ত সকল চেষ্টা ব্যর্থ করে না জন্মদিনের একদিন আগেই ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক এই আফগান পেসার।
শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক শোকবার্তায় আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ ছিলেন জাদরান। আন্তর্জাতিক অঙ্গনে দলটির উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানের জার্সিতে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাঁহাতি এই পেসার। আফগানিস্তানের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন তিনি।
- বিষয় :
- আফগান ক্রিকেট
- আফগানিস্তান
- ক্রিকেটার