নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ১৮ জুলাই
নতুন কুঁড়ি স্পোর্টস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০০:৩৭ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ০০:৩৯
দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের বৃহৎ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর আগামী ১৮ জুলাই শুরু হবে। ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিথ থাকবেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবানদের ক্যারিয়ার গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নিজেই এই খুদে অ্যাথলেটদের উন্নত প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছেন। বাছাইকৃতরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) দেশের বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেইনিংয়ের সুযোগ পাবে।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। যেন পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে ওঠে। প্রতিভাবানরা বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগ পাবে।
এবারের আসরে আটটি ইভেন্টের খেলা ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিং পুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম হবে। মাঠের লড়াই ১৮ জুলাই শুরু হলেও টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ জুলাই মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
- বিষয় :
- নতুন কুঁড়ি