ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রেকর্ডের সামনে দেশম 

রেকর্ডের সামনে দেশম 
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১০:২৬

নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, শেষের ডাক আসে সবার জীবনে। দিদিয়ের দেশম সেই ডাকে প্রথম সাড়া দেন জাতীয় দলের খেলোয়াড়ের ভূমিকায়। ফ্রান্সকে প্রথমবার বিশ্বকাপ উপহার দেওয়ার দুই বছর পরই থামতে হয়েছিল তাঁকে। তুলে রেখেছিলেন জাতীয় দলের জার্সিটা। ২০১২ সালে জাতীয় দলে তিনি প্রত্যাবর্তন করেন নতুন পরিচয়ে, কোচের চাকরি নিয়ে। ৫৭ বছর বয়সী ফরাসি কোচ মনের ডাকে সাড়া দিয়ে ঘোষণা দিয়ে রেখেছেন, বিশ্বকাপ শেষে জাতীয় দলের কোচের পদ ছাড়বেন। ফ্রান্সের ডাগআউটে আজই হতে পারে শেষ দিন তাঁর। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলে ট্রফি হাতেও নিতে পারেন বিদায়।

বিশ্বকাপে ফ্রান্স জাতীয় দলের ম্যানেজার হিসেবে দেশমের ২৫তম ম্যাচ আজ। এই ম্যাচ দিয়ে জার্মানির হেলমুট শোনকে ছোঁবেন তিনি। আর তাঁর দল টুর্নামেন্টের শেষ পর্যন্ত গেলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন।

১৯৬৬ সালের বিশ্বকাপে রানার্সআপ, ১৯৭০ সালের বিশ্বকাপে তৃতীয় আর ১৯৭৪ সালে চ্যাম্পিয়ন জার্মানির কোচ ছিলেন হেলমুট। সে রেকর্ডের কাছে পৌঁছে গেছেন দেশম। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হলেও রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন। কাতারে শিরোপা হাতছাড়া টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে। এবার শিরোপা স্বপ্ন নিয়ে কিলিয়ান এমবাপ্পেদের ডাগআউটে।

দেশম জানুয়ারিতে ঘোষণা দেন, ২০২৬-এর ফিফা বিশ্বকাপ শেষ তাঁর। নকআউটের প্রতিটি ম্যাচ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের মতো। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালকে শেষ ধরে নিয়ে ডাগআউটে দাঁড়াবেন তিনি।

১৪ বছরের কোচিং ক্যারিয়ারে চার বিশ্বকাপে ২৪টি ম্যাচ খেলে ১৯টিতে জয়। তিনটি ম্যাচ ড্র আর দুটিতে পরাজয় তাঁর। শেষ ৩২-এ সুইডেনকে হারিয়ে জার্মানির হেলমুটের ১৬ জয়ের রেকর্ড ছাড়িয়ে গেছেন দেশম। কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নিজের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। ২০১২ সালের জুলাইয়ে জাতীয় দলের কোচের চাকরি নিয়ে গতকাল পর্যন্ত ১৩৯টি ম্যাচ পরিচালনা করেন। তাঁর কোচিংয়ে ৮৯টি জয়, ১৮টি ড্র আর ২২টি ম্যাচে হেরেছে ফ্রান্স। এককথায় বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশমের কোচিং ক্যারিয়ারও ঈর্ষণীয়। 

আরও পড়ুন

×