ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

আর্জেন্টাইন রেফারি নিয়ে চিন্তিত নন ফ্রান্সের কোচ

আর্জেন্টাইন রেফারি নিয়ে চিন্তিত নন ফ্রান্সের কোচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১০:৩৩

২০২৬ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মরক্কোর মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামের এই হাই-ভোল্টেজ মহারণে ম্যাচ পরিচালনার জন্য আর্জেন্টাইন রেফারি নিয়োগ দিয়েছে ফিফা। মাঠের লড়াইয়ের আগে রেফারিদের জাতীয়তা নিয়ে বিশ্বজুড়ে গুঞ্জন ছড়ালেও তা নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না ফরাসিদের প্রধান কোচ দিদিয়ের দেশম। বরং ম্যাচ পরিচালকদের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপের সেই ফাইনালের পর থেকেই ফ্রান্স ও আর্জেন্টিনার ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা এবং মাঠের বাইরের মনস্তাত্ত্বিক লড়াই নতুন মাত্রা পেয়েছে। এবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের ম্যাচ পরিচালনার মূল দায়িত্বে থাকছেন আর্জেন্টিনার প্রধান রেফারি ফাকুন্দো তেয়ো। শুধু তিনিই নন, তার সাথে লাইন্সম্যান হিসেবে থাকছেন দুইজন আর্জেন্টাইন সহকারী রেফারি, একজন রিজার্ভ সহকারী এবং চতুর্থ অফিশিয়ালও আর্জেন্টিনার। অর্থাৎ, পুরো রেফারিং প্যানেলই আলবিসেলেস্তেদের।

ম্যাচ পূর্ববর্তী অফিশিয়াল সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়ে প্রশ্ন করা হলে দিদিয়ের দেশম বেশ পেশাদার ও ঠান্ডা মাথায় জবাব দেন। তিনি বলেন, ‘ফিফার এই সিদ্ধান্ত আমাদের মেনেই নিতে হবে। রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আজ মাঠে আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন। তাই আমাদের সব মনোযোগ কেবল মাঠের কৌশলের ওপর।’

এবারের বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে ইতোমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে শেষ ষোলোর আর্জেন্টিনা-মিশর ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিতর্কিত ভূমিকা নিয়ে পুরো ফুটবল বিশ্ব তোলপাড়। সেই প্রসঙ্গ টেনে দেশম প্রচ্ছন্ন এক রসিকতার সুরে বলেন, ‘আশা করি আজ আমাদের ম্যাচের আর্জেন্টাইন অফিশিয়ালরাও লেতেক্সিয়ের মতোই ভালো ও নিরপেক্ষ পারফরম্যান্স করবেন।’

ফ্রান্সের বদলি গোলরক্ষক রবিন রিসারও কোচের সুরেই কথা বলেছেন। কাতার বিশ্বকাপের পর দুই দেশের সমর্থকদের মধ্যে কিছুটা তিক্ততা তৈরি হলেও তা মাঠের রেফারিংয়ে প্রভাব ফেলবে না বলে বিশ্বাস তার। রিসার বলেন, ‘গত বিশ্বকাপের ফাইনালের পর থেকে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে একটা অদৃশ্য তিক্ততা রয়েছে, তবে এটা খেলাধুলারই অংশ। এই রেফারিরা বিশ্বকাপে দায়িত্ব পেয়েছেন কারণ তারা এই সর্বোচ্চ মঞ্চের জন্য যোগ্য ও আন্তর্জাতিক মানের।’

অন্যদিকে আফ্রিকান সিংহ মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওহাবিও ম্যাচ শুরুর আগে রেফারিং নিয়ে কোনো ধরনের বিতর্কে জড়াতে চাননি। তার মতে, কোয়ার্টার ফাইনালের মতো বড় ম্যাচ পরিচালনার জন্য এমন অভিজ্ঞ কর্মকর্তাই প্রয়োজন। ওহাবি বলেন, ‘আজকের ম্যাচের রেফারি অত্যন্ত অভিজ্ঞ একজন কর্মকর্তা। আমরা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ রেফারিই চাই। তাই এ নিয়ে আমাদের মনে কোনো সংশয় নেই, আমরা পুরোপুরি নির্ভার।’

শেষ ষোলোতে নেদারল্যান্ডসকে বিদায় করার প্রসঙ্গ টেনে ওহাবি আরও যোগ করেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের ম্যাচেও একজন ডাচ রেফারি ছিলেন এবং তিনি দারুণ ও নিরপেক্ষ দায়িত্ব পালন করেছেন। তাই আমরা রেফারিদের জাতীয়তা নিয়ে খুব একটা মাথা ঘামাই না। কারণ আমরা জানি, তারা সবসময় তাঁদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। ফ্রান্সের বিপক্ষে যিনি মূল দায়িত্বে আছেন, তিনি খুব সহজে পকেট থেকে হলুদ কার্ড বের করেন না। সেটি হয়তো ম্যাচের গতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে রেফারিদের মান নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই।’

আরও পড়ুন

×