ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ফ্রান্সের বিপক্ষে নামার আগেই মরক্কো শিবিরে বড় ধাক্কা

ফ্রান্সের বিপক্ষে নামার আগেই মরক্কো শিবিরে বড় ধাক্কা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১০:৫৫

কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল মরক্কো। বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা ইসমাইল সাইবারিকে ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না তারা। চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন মরক্কোর এই তারকা ফরোয়ার্ড। মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ওহাবি জানান, সাইবারি ছাড়া দলের বাকি সবাই খেলার জন্য প্রস্তুত।

ওহাবি বলেন, ‘সাইবারি ছাড়া বাকি সবাই শতভাগ ফিট। এই ম্যাচটি তার জন্য একটু দ্রুতই চলে এলো। তবে আশা করছি, টুর্নামেন্টের বাকি অংশ থেকে সে ছিটকে যায়নি।’

চলতি বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফর্মার সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। এমনকি শেষ বত্রিশের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও নিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

সম্প্রতি ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন ছেড়ে প্রায় ৫০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সাইবারি শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান। ৩-০ ব্যবধানে জেতা সেই ম্যাচে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি হিসেবে নেমে সুফিয়ান রাহিমি মরক্কোর তৃতীয় গোলটি করেন।

২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। এবার সেই স্মৃতি ভুলে প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে অ্যাটলাস লায়ন্সরা।

সাইবারির অনুপস্থিতি মরক্কোর আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করলেও আত্মবিশ্বাসে ঘাটতি নেই কোচের। শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।

এ প্রসঙ্গে ওহাবি বলেন, ‘২০২২ সালের সেই ম্যাচটি আমি টেলিভিশনে একজন সাধারণ সমর্থক হিসেবে দেখেছিলাম। আগামীকাল আমরা সেমিফাইনালে ওঠার জন্যই খেলব।’

আরও পড়ুন

×