‘ভেঙে পড়েছে ব্রাজিলের ফুটবল ব্যবস্থা’, অভিযোগ পেলে-কন্যার
পেলে-কন্যা কেলি নাসিমেন্তো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৯:১২
২০০২ সালের পর কেটে গেছে ২৪ বছর, কিন্তু বিশ্বকাপ শিরোপা আর ছোঁয়া হয়নি ব্রাজিলের। গত ছয়টি আসরে তাদের সর্বোচ্চ অর্জন সেমিফাইনাল। তবে ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংকট যেন নতুন মাত্রা পেয়েছে। ব্রাজিলের এমন করুণ পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না ফুটবল সম্রাট পেলের বড় মেয়ে কেলি নাসিমেন্তো।
পেশায় চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী কেলির মতে, ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় সমস্যা মাঠে নয়, প্রশাসনে। তার অভিযোগ, দুর্নীতি, অস্বচ্ছতা এবং জবাবদিহির অভাবেই দেশের ফুটবল কাঠামো ভেঙে পড়েছে। নরওয়ের কাছে বিদায়ের পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ব্রাজিলের বর্তমান ফুটবল কাঠামো নিয়ে কেলি বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবল ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। কারণটা দুর্নীতি হোক বা অন্য কিছু, এটি এখন এমন এক বদ্ধ ও আত্মকেন্দ্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে, যেখানে বাইরের কারও জানার সুযোগ নেই ভেতরে কী হচ্ছে। সবাই জানে সমস্যাটা কোথায়, কিন্তু তা বদলানোর সদিচ্ছা কিংবা ক্ষমতা কারও নেই।’
তার মতে, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের কোনো অভাব নেই। প্রতিবছরই বিশ্বমানের খেলোয়াড় উঠে আসছে। কিন্তু সেই প্রতিভাকে কাজে লাগানোর মতো কার্যকর প্রশাসনিক কাঠামো না থাকায় আন্তর্জাতিক মঞ্চে দল বারবার ব্যর্থ হচ্ছে।
কেলি জানান, প্রয়াত কিংবদন্তি পেলে জীবিত থাকতেই ব্রাজিলের ফুটবল প্রশাসনের অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর থেকে ব্রাজিল আর বৈশ্বিক কোনো শিরোপা জিততে পারেনি। প্রতিবারই শিরোপার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গেলেও হতাশা নিয়েই ফিরতে হয়েছে। এবার শেষ ষোলো থেকেই বিদায়কে তিনি ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম হতাশাজনক অধ্যায় বলে মনে করেন।
এই সংকট কাটিয়ে উঠতে ফ্রান্সের ফুটবল মডেল অনুসরণের পরামর্শ দিয়েছেন কেলি। তার মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছ প্রশাসন এবং আধুনিক কাঠামোর কারণেই ফ্রান্স ধারাবাহিকভাবে বিশ্ব ফুটবলে সফল হচ্ছে।
এ ছাড়া ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব বোতাফোগোর পুনর্জাগরণের উদাহরণ টেনে মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের প্রশংসাও করেন তিনি। কেলির ভাষায়, ‘তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু তিনি যে বিষয়টি নিয়ে এসেছেন, সেটি হলো স্বচ্ছতা। তিনি ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতির বাইরে থেকে পরিচালনা করেন এবং জবাবদিহির মধ্যে থাকেন। আমার কাছে এটি অত্যন্ত ইতিবাচক।’
ব্রাজিলের সাম্প্রতিক ব্যর্থতার পর পেলে-কন্যার এই মন্তব্য নতুন করে দেশটির ফুটবল প্রশাসনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তার বিশ্বাস, মাঠের প্রতিভা নয়, প্রকৃত সংকট লুকিয়ে আছে মাঠের বাইরের প্রশাসনিক কাঠামোতে। আর সেই কাঠামো বদলানো না গেলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও দীর্ঘ সময় অধরাই থেকে যাবে।
- বিষয় :
- পেলে
- বিশ্বকাপ ফুটবল
- ব্রাজিল