ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

লাউতারোর ঝড়ে বেঞ্চে যাচ্ছেন আলভারেজ?

লাউতারোর ঝড়ে বেঞ্চে যাচ্ছেন আলভারেজ?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১২:২৬

মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেই রুদ্ধশ্বাস জয়ের চাপ কাটিয়ে এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে আলবিসেলেস্তে শিবির। উন্মুক্ত অনুশীলনে লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। এবার লক্ষ্য সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া।

কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার গোপন অনুশীলন করেছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, একাদশ নিয়ে কিছুটা রহস্য বজায় রাখলেও বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছেন না বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। মিসরের বিপক্ষে খেলা মূল একাদশের ওপরই আস্থা রাখছেন তিনি।

মিশরের বিপক্ষে দীর্ঘ সময় পিছিয়ে থাকলেও স্কালোনির বিশ্বাস, ম্যাচে আর্জেন্টিনাই ছিল প্রভাবশালী দল। তার মতে, একাধিক গোলের সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগানো যায়নি। পাশাপাশি কয়েকটি ব্যক্তিগত ভুল থেকেই গোল হজম করতে হয়েছে। তাই পুরো দল বা কৌশলে পরিবর্তন আনার বদলে ছোটখাটো সংশোধনেই ভরসা রাখতে চান তিনি।

তবে স্কালোনির পুরোনো অভ্যাস অনুযায়ী ম্যাচভেদে এক-দুটি পরিবর্তন আসতে পারে। এবার মূলত রাইট-ব্যাক ও সেন্টার ফরোয়ার্ড পজিশন নিয়েই ভাবছেন তিনি। রাইট-ব্যাকে নাহুয়েল মোলিনা প্রত্যাশামতো খেলতে না পারলেও বদলি হিসেবে নেমে গঞ্জালো মন্তিয়েল রক্ষণ ও আক্রমণ দুই দিকেই ভালো অবদান রাখেন। তাই এই পজিশনে মন্তিয়েলের শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে সবচেয়ে বড় লড়াইটা সেন্টার ফরোয়ার্ড পজিশনে। মিসরের বিপক্ষে হুলিয়ান আলভারেজ নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না। বিপরীতে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনার দ্বিতীয় গোলের আক্রমণ গড়ে তোলার পাশাপাশি এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন তিনি। দারুণ এই পারফরম্যান্সের পর সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাওয়ার দৌড়ে আলভারেজের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন লাউতারো।

এ ছাড়া মাঝমাঠেও একটি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছেন স্কালোনি। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসকে রেখে চার মিডফিল্ডারের ছকও অনুশীলনে পরীক্ষা করেছেন তিনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ।

আরও পড়ুন

×