ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

‘মিসরের বিপক্ষে আর্জেন্টিনা জেতেনি’, সাংবাদিকদের মেইলে বিস্ময়কর বার্তা

‘মিসরের বিপক্ষে আর্জেন্টিনা জেতেনি’, সাংবাদিকদের মেইলে বিস্ময়কর বার্তা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১২:১৯ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১২:৩০

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ নিয়ে বিতর্ক থামছেই না। রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নতুন এক ঘটনা সামনে এসেছে। গত মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের রেফারিদের তীব্র সমালোচনা করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু মেইল পাঠানো হয়। তবে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ দ্রুতই বিষয়টি পরিষ্কার করেছে। তাদের দাবি, তারা এক ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে এবং ওই মেইলগুলো তাদের পাঠানো নয়। তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করে এসব ই-মেইল পাঠানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

আটলান্টায় অনুষ্ঠিত মিসরের বিপক্ষে শেষ ষোলোর সেই ম্যাচে প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের পর থেকেই রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছে মিসর। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ম্যাচ অফিশিয়ালদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফিফার কাছে তাদের বিশ্বকাপ থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক দাবিও জানিয়েছে।

এর মধ্যেই আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা কায়ে জানায়, এএফএর অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু বিস্ময়কর বার্তা পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়, ‘আর্জেন্টিনা ম্যাচ জেতেনি’ এবং ম্যাচের ফলাফল ছিল ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’। একই সঙ্গে মেইলগুলোতে মিসরের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করা হয়।প্রতিবেদনে আরও জানানো হয়, এএফএর অভ্যন্তরীণ সূত্রের ধারণা, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

এ ঘটনায় এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এএফএ। বিবৃতিতে বলা হয়, ‘আমরা সবাইকে জানাতে চাই যে, আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই-মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।’

এএফএ আরও জানায়, তারা বিষয়টি তদন্ত করছে এবং অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়, ‘সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে তা এড়িয়ে চলার অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টিকে খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি।’

আরও পড়ুন

×